Bengal Liberty
আমতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙার মামলায় ফের স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আগামী ২১ আগস্ট পর্যন্ত ওই কার্যালয় ভাঙার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে আপাতত প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ থাকছে। বুধবার মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, ২১ আগস্ট পর্যন্ত আমতলার ওই দলীয় কার্যালয় ভাঙা যাবে না। পাশাপাশি, আগামী ১৮ আগস্ট দুপুর ২টায় মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

স্বস্তি পেলেন অভিষেক Abhisekh Banerjee
প্রশাসনের অভিযোগ, বৈধ নির্মাণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই ওই দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে কার্যালয় ভাঙার অভিযান শুরু হয়। তিনটি বুলডোজার নিয়ে গিয়ে কার্যালয়ের একাংশ ভেঙেও ফেলা হয়। এরপর প্রশাসনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হলে আদালত প্রথমে ৬ আগস্ট পর্যন্ত ভাঙার কাজে স্থগিতাদেশ দিয়েছিল।
বুধবার সেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ আরও বাড়িয়ে ২১ আগস্ট পর্যন্ত বহাল রাখল আদালত। ফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আমতলার ওই দলীয় কার্যালয়ের বাকি অংশে প্রশাসনের ভাঙার কাজ চালানো যাবে না।


