Bengal Liberty
২৪ জুলাই কলকাতার ধর্মতলায় নিট (CJP Kolkata) পরীক্ষায় স্বচ্ছতা দাবি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলকে ঘিরে ভাঙচুর ও অশান্তির ঘটনা ঘটে। এর পর নিজেদের অবস্থান স্পষ্ট করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের পক্ষ থেকে কলকাতা পুলিশকে ইমেইল করে জানানো হয়েছে, ঘটনায় গ্রেফতার হওয়া বা চিহ্নিত ব্যক্তিদের কেউই দলের সদস্য নন এবং তাঁদের সঙ্গে সিজেপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই।
সিজেপির দাবি, ভাঙচুরের সঙ্গে জড়িত বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের কেউই দলের কর্মী বা সমর্থক নন এবং তাঁরা দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত নন। পুলিশকে পাঠানো ইমেইলে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশকে নিরপেক্ষ তদন্তের আবেদনও জানানো হয়েছে বলে সূত্রের খবর।

ইমেইল পাঠাল সিজেপি
ঘটনার পর কলকাতা পুলিশ ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট সাতটি এফআইআর (FIR) দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে।
আরও খবর
এদিকে রাজ্য প্রশাসনের তরফেও দাবি করা হয়েছে, ঘটনায় জড়িতদের মধ্যে কেউই সাধারণ ছাত্র বা ককরোচ জনতা পার্টির সদস্য নন। প্রশাসনের বক্তব্য, বহিরাগত কিছু ব্যক্তি বিক্ষোভকারীদের ভিড়ে মিশে ইচ্ছাকৃতভাবে অশান্তি ও ভাঙচুরের পরিবেশ তৈরি করেছিল, যার ফলে একটি শান্তিপূর্ণ কর্মসূচি বিশৃঙ্খলায় পরিণত হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।


