Bengal Liberty
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (DA Case)। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে মনিটরিং কমিটির রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। আগামী দু’দিনের মধ্যে ডিজিটাল মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষকে ওই রিপোর্ট পৌঁছে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৮ আগস্ট।

মনিটরিং কমিটির রিপোর্ট প্রকাশের নির্দেশ
বকেয়া DA নিয়ে রাজ্য সরকারের বর্তমান অবস্থানও এদিন আদালতকে জানানো হয়। তবে সেই অবস্থান এবং DA সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা ১৮ অগস্টের শুনানিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। বকেয়া DA মেটানোর বিষয়টি খতিয়ে দেখতে এর আগে একটি মনিটরিং কমিটি তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। কমিটির রিপোর্টে উল্লেখ করতে হবে, আদালতের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, সরকারি কর্মীদের কতটা DA ইতিমধ্যেই দেওয়া হয়েছে, কত টাকা বাকি রয়েছে এবং বাকি অর্থ কীভাবে ও কত সময়ের মধ্যে মেটানোর পরিকল্পনা রয়েছে।

সুপ্রিম কোর্টের মূল নির্দেশ অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া DA-র পুরো অর্থ মেটানোর কথা রাজ্য সরকারের। মোট বকেয়ার পরিমাণ প্রায় ১১ হাজার ৯৮৩ কোটি টাকা। আদালত বকেয়ার ২৫ শতাংশ দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছিল। বাকি ৭৫ শতাংশ কীভাবে ধাপে ধাপে দেওয়া যায়, তা খতিয়ে দেখতেই মনিটরিং কমিটি গঠন করা হয়। অপরদিকে, শীর্ষ আদালতে জমা দেওয়া স্টেটাস রিপোর্টে রাজ্য জানিয়েছে, আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে ১০০ শতাংশ বকেয়া DA মেটানো সম্ভব নয়। রাজ্য ৮৫ শতাংশ বকেয়া মেটাতে চায় এবং বাকি ১৫ শতাংশ মকুবের আবেদন জানিয়েছে। রাজ্যের দাবি, বকেয়া DA ধাপে ধাপে মেটানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
আরও খবর

স্টেটাস রিপোর্ট অনুযায়ী, প্রথম কিস্তিতে ৭,৭৭১ কোটি টাকা মেটানো হয়েছে। বাকি অর্থ তিনটি কিস্তিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় কিস্তি ২০২৭ সালের জানুয়ারিতে, তৃতীয় কিস্তি ২০২৭ সালের জুলাইয়ে এবং চতুর্থ তথা শেষ কিস্তি ২০২৮ সালের জানুয়ারিতে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য। তবে কর্মচারীদের এক সংগঠনের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে দাবি করেন, DA দেওয়ার কথা বলা হলেও তাঁর মক্কেলরা এখনও এক টাকাও পাননি। কর্মচারী সংগঠন, রাজ্য এবং মনিটরিং কমিটির বক্তব্য শোনার পর আদালত জানায়, আগামী ১৮ আগস্টের শুনানিতে রাজ্যের অবস্থান এবং DA সংক্রান্ত আবেদন খতিয়ে দেখা হবে।


