Bengal Liberty
দীর্ঘদিনের অপেক্ষার(KMC Delimitation) পর কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাবিত খসড়া তালিকা প্রকাশ করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এই খসড়ায় কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ এবং হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মতামত, আপত্তি বা সংশোধনের প্রস্তাব জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট আইন সংশোধনের পরই নতুন ওয়ার্ড বিন্যাস চূড়ান্ত হবে।

কলকাতায় ২০৯, হাওড়ায় ৬৮ ওয়ার্ডের প্রস্তাব(KMC Delimitation)
পুর ও নগরোন্নয়ন দফতরের প্রকাশিত খসড়া অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হবে। আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই খসড়া তালিকা পুরভবন, সংশ্লিষ্ট বরো অফিস এবং সরকারি ওয়েবসাইটে জনসাধারণের জন্য উপলব্ধ থাকবে। এই সময়ের মধ্যে যে কোনও ব্যক্তি বা সংস্থা লিখিতভাবে পরামর্শ, আপত্তি বা সংশোধনের প্রস্তাব পুর কমিশনারের কাছে জমা দিতে পারবেন। একই দিনে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া সংক্রান্ত পাবলিক নোটিসও প্রকাশ করেছে জেলা প্রশাসন। সেখানে বর্তমান ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬৮টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বালি পুরসভার ওয়ার্ড বিন্যাসে আপাতত কোনও পরিবর্তন আনা হচ্ছে না। হাওড়ার ক্ষেত্রে মতামত বা আপত্তি জমা দেওয়ার শেষ দিন ১২ আগস্ট।
আইন সংশোধনের পরই চূড়ান্ত হবে ডিলিমিটেশন(KMC Delimitation)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১২ আগস্ট বিধানসভায় কলকাতা ও হাওড়া পুর আইন সংশোধনী বিল আনা হবে। সেই বিল পাশ হলে কলকাতায় ২০৯ এবং হাওড়ায় ৬৮টি ওয়ার্ড কার্যকর করার আইনি পথ প্রশস্ত হবে। নতুন ডিলিমিটেশন অনুযায়ী, হাওড়ার বড় ১৪টি ওয়ার্ড ভেঙে ৩৩টি ছোট ওয়ার্ড গঠন করা হবে। পাশাপাশি একাধিক ওয়ার্ডের ভৌগোলিক সীমানাও পুনর্নির্ধারণ করা হবে।
আরও খবর

পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে এবং সব রাজনৈতিক দলের মতামত বিবেচনা করা হবে। তাঁর দাবি, নভেম্বরের মধ্যেই পুরভোটের প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠনের লক্ষ্য রয়েছে।প্রশাসনিক সূত্রের খবর, কলকাতা পুর আইনের ৫ নম্বর ধারায় বর্তমানে ১৪৪টি ওয়ার্ডের উল্লেখ রয়েছে। তাই ওয়ার্ড সংখ্যা ২০৯ করতে হলে প্রথমে আইন সংশোধন বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই ওয়ার্ডভিত্তিক ডিলিমিটেশন চূড়ান্ত হবে।



