Bengal Liberty
কলকাতার সরকারি ও সরকারপোষিত স্কুলে মিড-ডে মিল সরবরাহ নিয়ে ইসকনকে নির্দেশিকা পাঠাল রাজ্য স্কুলশিক্ষা দফতর (Mid Day Meal)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, সপ্তাহে দু’দিন পড়ুয়াদের খাবারের তালিকায় ডিম রাখার কথা রয়েছে। সেই অনুযায়ী ডিম সরবরাহের জন্য প্রয়োজনীয় তহবিল ও লজিস্টিক ব্যবস্থা উল্লেখ করে দ্রুত একটি রূপরেখা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোডাল অফিসারকে। পাশাপাশি, প্রথম পর্যায়ে কলকাতার ঠিক কতগুলি স্কুলে ইসকনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, তা লিখিতভাবে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ও নোডাল অফিসারকে।

ইসকনের কাছে তথ্য চাইল রাজ্য
বিজেপি সরকারের বাজেট ঘোষণামতো ১ আগস্ট থেকে স্কুলের মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছে। শনিবার তারাতলায় ইসকনের ‘সেন্ট্রাল কিচেন’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রথম পর্যায়ে শহরের প্রায় ৫০০টি স্কুলের ৪৪ হাজার পড়ুয়াকে ইসকনের মাধ্যমে খাবার দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে পাইলট প্রকল্পের প্রথম দিনেই একাধিক স্কুলে খাবার না পাওয়ার অভিযোগ ওঠে। এরপরই মঙ্গলবার ইসকনের সংশ্লিষ্ট ফাউন্ডেশনকে নির্দেশিকা পাঠায় শিক্ষা দফতর। প্রকল্পের আওতাভুক্ত স্কুলের সংখ্যা, খাবার সরবরাহের পরিকাঠামো এবং ডিম দেওয়ার পরিকল্পনা নিয়ে তথ্য চাওয়া হয়েছে।


