Bengal Liberty
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (West Bengal STF) সোমবার ভোরে হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে আদিত্য সিংকে গ্রেফতার করেছে। এর আগে এই মামলায় জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত হামিম মণ্ডল এবং তার সহযোগী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, হামিম ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদের সময় আদিত্যর নাম সামনে আসে। সেই সূত্রের ওপর ভিত্তি করেই আদিত্যকে গ্রেফতার করে এসটিএফ।

হাওড়া থেকে ধৃত আদিত্য West Bengal STF
সূত্রের খবর, আদিত্য সিং ওরফে রাজু বেলিলিয়াস রোডের ৩৫৭/১ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। পরিবারে তাঁর বাবা, মা, ঠাকুরমা ও বোন রয়েছেন। তাঁর বাবা বেদপ্রকাশ সিং বড়বাজারের পোস্তায় একটি মশলার দোকানে কাজ করেন। আদিত্য উমেশচন্দ্র কলেজের বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযোগ, সে রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের ছবি তুলে হামিমের কাছে পাঠিয়েছিল। পাশাপাশি, হানি ট্র্যাপের মাধ্যমে মন্ত্রীর ছেলেকে ফাঁদে ফেলার দায়িত্বও আদিত্যর ওপর ছিল বলে তদন্তকারীদের দাবি। সোমবারই আদিত্যকে বর্ধমান আদালতে তোলা হবে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এসটিএফ।
আরও খবর

উল্লেখ্য, আদিত্যর সঙ্গে হামিমের নিয়মিত যোগাযোগ ছিল। পাকিস্তানভিত্তিক শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গেও তার যোগসূত্রের প্রমাণ মিলেছে। এছাড়াও একাধিক ভিভিআইপির ছবি তোলা এবং তথাকথিত ‘কনট্রাক্ট’ সংক্রান্ত কাজে সে যুক্ত ছিল বলে অভিযোগ। তদন্তকারী সংস্থাগুলি এই মামলায় অর্থের উৎস, যোগাযোগের মাধ্যম এবং আন্তর্জাতিক বা সীমান্তপারের যোগসূত্র খতিয়ে দেখছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অনলাইন চ্যাটের ডিজিটাল তথ্য বিশ্লেষণ করছেন তদন্তকারীরা, যা থেকে একের পর এক নতুন সূত্র সামনে আসছে।

তদন্তে আরও একটি উদ্বেগজনক দিক প্রকাশ্যে এসেছে। অভিযোগ, পশ্চিমবঙ্গে মহিলাদের ব্যবহার করে একটি বড় হানি ট্র্যাপ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা ছিল। তদন্তকারীদের সন্দেহ, সমাজমাধ্যমে সক্রিয় তরুণী এবং মডেলিংয়ে আগ্রহী যুবতীদের এই চক্রে শামিল করে প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের টার্গেট করার পরিকল্পনা করা হয়েছিল। হাওড়ার পিলখানা রোডে হামিমের একটি দোকানেরও সন্ধান পেয়েছে এসটিএফ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেখানে কী ধরনের কাজকর্ম চলত, সে সম্পর্কে তাঁদের স্পষ্ট ধারণা ছিল না। তদন্তকারীদের সন্দেহ, স্থানীয়ভাবে আস্তানা গড়ে তোলা এবং নজর এড়ানোর উদ্দেশ্যেই ওই দোকানটি ব্যবহার করা হতো।


