Ketugram Tragic Accident
Bengal Liberty Desk, ২৮ মার্চ: সরকারি আবাসনের বেহাল দশা আর প্রশাসনের চরম উদাসীনতার মাশুল দিতে হল এক চার মাসের নিষ্পাপ শিশুকে। গতকাল, শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে ছাদের চাঙর ভেঙে মৃত্যু হলো এক শিশুকন্যার। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নামার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী ঘটনা (Ketugram Tragic Accident)?

মৃত শিশুর নাম প্রিয়দর্শিনী বেসরা। তার বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট এবং মা শিবানী শোরেন কাটোয়া মহকুমার একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। কর্মসূত্রে ওই দম্পতি কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি আবাসনে থাকতেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল চার মাসের প্রিয়দর্শিনী। পাশে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। ঠিক সেই সময় আচমকাই জরাজীর্ণ ছাদের একটি বড় কংক্রিটের চাঙর সরাসরি শিশুটির মাথার ওপর ভেঙে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিশুটির।
গাফিলতির অভিযোগ (Ketugram Tragic Accident)!
এই মৃত্যুর জন্য সরাসরি স্বাস্থ্য দফতরের গাফিলতিকে দায়ী করেছে শোকাতুর পরিবার। তাঁদের অভিযোগ, কোয়ার্টারটির অবস্থা দীর্ঘ দিন ধরেই অত্যন্ত বিপজ্জনক ছিল। আবাসনটি মেরামতের জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছিল। কিন্তু বারবার আবেদন করা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘুণ ধরা ব্যবস্থার কারণেই আজ অকালে ঝরে গেল একটি প্রাণ, এমনটাই দাবি স্থানীয়দের।
বিপজ্জনক আবাসন (Ketugram Tragic Accident)!
অভিযোগ উঠেছে যে, শুধু এই একটি কোয়ার্টার নয়, স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য আবাসনগুলোর অবস্থাও অত্যন্ত শোচনীয়। জরাজীর্ণ এই বাড়িগুলোতে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে বাস করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। যেখানে খোদ স্বাস্থ্যকর্মীদের পরিবারের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কীভাবে উন্নত পরিষেবা পাবেন, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন-
Prosenjit Chatterjee: বয়সকে তুড়ি মেরে এগিয়ে চলছেন ‘বুম্বাদা’, প্রসেনজিতের ম্যাজিকে মুগ্ধ ভোজপুরি তারকা রবি কৃষ্ণ
Arijit Singh New Song: অবসরের গুঞ্জনে জল ঢেলে অরিজিতের নতুন গান, কোন ছবিতে ফিরছেন ‘কিং অফ মেলোডি’?
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া (Ketugram Tragic Accident)-
এ বিষয়ে কাটোয়া মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌভিক আলম জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে একটি শিশুর প্রাণের বিনিময়ে প্রশাসনের এই টনক নড়া নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।
