Dinhata bomb blust
Bengal Liberty, দিনহাটা :
কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন এক বিজেপি কর্মী। শনিবার রাতে দিনহাটার গোসনিমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নল ধন্দরা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত বিজেপি কর্মীর নাম রঞ্জিত কুমার বর্মন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

বিজয় মিছিলের আকস্মিক হামলা
বিজেপির অভিযোগ, এদিন এলাকায় একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষ হওয়ার পর কয়েকজন বিজেপি কর্মী স্থানীয় একটি মাঠে বসে গল্প করছিলেন। সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তাদের লক্ষ্য করে সকেট বোমা ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের ফলে বোমার স্প্লিন্টার রঞ্জিত কুমার বর্মনের নাকে এসে লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্যান্য বিজেপি কর্মীরা তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান।

আহত বিজেপি কর্মী রঞ্জিত কুমার বর্মনের দাবি, “বিজয় মিছিল শেষে আমরা মাঠে বসেছিলাম। সেই সময় তৃণমূলের তিনজন দুষ্কৃতী এসে একটি সকেট বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার স্প্লিন্টার এসে আমার নাকে লাগে।”
অন্যদিকে বিজেপি কর্মী নির্মল চন্দ্র দাস বলেন, “হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই রঞ্জিত আহত হয়ে পড়ে। ওকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তৃণমূলের দিকেই আঙুল
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখছে প্রশাসন।

