Eid Namaz
Bengal liberty desk, 24 মে ,কলকাতা:
কলকাতার ইদ মানেই রেড রোডের সেই চেনা ছবি। কিন্তু দীর্ঘ ১০৭ বছরের সেই ঐতিহ্যে এবার বড়সড় বদল আসতে চলেছে। আগামী ২৮ মে বকরি ইদের নমাজ আর রেড রোডে হবে না, তার বদলে এই গণ-জামাত অনুষ্ঠিত হবে শহরের ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

কেন এই বদল?
রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী, যাতায়াতের রাস্তা আটকে কোনো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সরকারের এই যুক্তিতেই ১৯১৯ সাল থেকে চলে আসা রেড রোডের ইদ নমাজে ছেদ পড়ল। এর আগে কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং করোনা অতিমারির সময় এখানে নমাজ বন্ধ ছিল। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের মতে, রাস্তা বন্ধ করে ধর্মাচরণ কোনো ধর্মীয় রীতির মধ্যেই পড়ে না, এটি কেবল একটি চিরাচরিত প্রথা হিসেবে চলে আসছিল।

নতুনের পথে খিলাফত কমিটি:
রেড রোডে অনুমতি না মেলায় বিকল্প স্থান হিসেবে ব্রিগেডকে বেছে নিয়েছে খিলাফত কমিটি। কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান জানিয়েছেন, ইতিমধ্যেই সেনা কর্তৃপক্ষের কাছ থেকে ব্রিগেডে নমাজ পড়ার চূড়ান্ত অনুমোদন মিলেছে। ইদের দিন সকাল ৮টা ৩০ মিনিটে জামাত শুরু হবে। প্রতি বছরের মতো এবারও নমাজ পড়াবেন ক্বারী ফজলুর রহমান।

এই সিদ্ধান্তে সংখ্যালঘু সমাজের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁদের মতে, রেড রোডের এই জামাত ছিল কলকাতার সম্প্রীতির এক অনন্য দলিল। তবে প্রশাসনের দাবি, শহরের যান চলাচল স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অনেক বেশি সুবিধাজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

