Iran Football Fans
Bengal Liberty, ৯ জুন ২০২৬ : বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি।(Iran Football Fans) বিশ্বের তাবড় তাবড় ফুটবলাররা নিজেদের পায়ের জাদুতে গোটা ফুটবল বিশ্বকে মাতাতে সম্পূর্ণ প্রস্তুত। ৪৮টি দল এবং ১০৪টি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের আনন্দ উপভোগ করতে মুখিয়ে রয়েছে আট থেকে আশি। কিন্তু এই মেগা ইভেন্ট শুরু হওয়ার প্রাক্কালে মাঠের বাইরের এক নতুন জটিলতায় উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ফুটবল মহল। আর এই সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান।

ইরানের ফুটবল ফেডারেশনের অভিযোগ, ফিফা তাদের সমর্থকদের জন্য পর্যাপ্ত টিকিট বরাদ্দ করছে না। বহু ইরানি সমর্থক ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও ফিফা তাদের টিকিট প্রাপ্তিতে কোনো সহযোগিতা করছে না বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ইরানের ফুটবল সমর্থকরা ওয়াশিংটনের ‘হোয়াইট হাউস’-এর বাইরে বিক্ষোভও প্রদর্শন করেছেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই এবার ফিফা এবং আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে ইরান।
ইরানের প্রেস বিবৃতি ও ভিসা বিতর্ক(Iran Football Fans)
এই নজিরবিহীন সংঘাত নিয়ে ইরান এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের প্রচুর সমর্থক ইতিমধ্যেই খেলা দেখার জন্য সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু তাঁদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করে দিয়েছে ফিফা। এই পরিস্থিতিতে তাঁরা কীভাবে খেলা দেখবেন? টিকিট না থাকলে তো স্টেডিয়ামেই ঢুকতে পারবেন না।” ইরানের দাবি, আমেরিকার রাজনৈতিক চাপেই ফিফা এই পদক্ষেপ নিয়েছে, যা ফুটবল বিশ্বকাপের আবেগকে কালিমালিপ্ত করছে।

এর পাশাপাশি, ইরানের ফুটবল দলের প্রচুর সাপোর্ট স্টাফকে ভিসা দিতে দেরি করায় মার্কিন প্রশাসনের ওপর বেজায় চটেছে তারা। এমনকি দুই দেশের কূটনৈতিক বৈরিতার জেরে ইরান দলকে এক অদ্ভুত ফরমান দেওয়া হয়েছে বলেও খবর। জানা গেছে, ইরানকে বলা হয়েছে—যেদিন ম্যাচ থাকবে, সেদিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে খেলা শেষ করেই যেন তারা ২৪ ঘণ্টার মধ্যে মেক্সিকোতে ফিরে যায়।
মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কারণে ইরান দলকে আমেরিকায় গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলে আবার মেক্সিকোয় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেলে। ইতিমধ্যেই বিশ্বকাপের উদ্দেশ্যে ইরান দল মেক্সিকোয় এসে পৌঁছেছে।

মাঠে হোক কিংবা মাঠের বাইরে—আমেরিকা ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে ফিফা বিশ্বকাপ—দুই দেশের এই দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের অবসান কবে ঘটে, এখন সেটাই দেখার।

