Mamata Banerjee
Bengal Liberty, ৯ জুন :
সই-কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই জলঘোলা হচ্ছে কয়েকদিন ধরে (Mamata Banerjee)। মুহুর্মুহু সিআইডি আনাগোনা করছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বাড়িতে। একাধিকবার তলব করা হয়েছে অভিষেককে। সেই বিতর্কের মধ্যেই মঙ্গলবার দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের উল্টোদিকে ৩০-বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছন সিআইডি অফিসাররা। অপরদিকে ক্যামাক স্ট্রিটেও পৌঁছে যায় সিআইডির আরেকটি প্রতিনিধি দল। সই-কাণ্ডের তদন্তে ওই কার্যালয়ে তল্লাশি চালানোর জন্য কার্যালয়ের ভেতর ঢুকতে চায় তাঁরা। সিআইডি সূত্রে দাবি, পূর্বে জারি করা নোটিসের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিতভাবে জানিয়েছিলেন যে, বিধায়কদের স্বাক্ষর সংগ্রহের কাজ ওই পার্টি অফিস থেকেই পরিচালিত হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার কালীঘাটের তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসে তদন্তের স্বার্থে তল্লাশি চালাতে চান আধিকারিকরা। যদিও বাঁধার মুখে পড়তে হয়েছে সিআইডি আধিকারিকদের (Mamata Banerjee)।

অভিষেকের তথ্যের সূত্র ধরে তৃণমূলের কার্যালয়ে সিআইডি
সই জালিয়াতি কাণ্ডের তদন্তে মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছয় সিআইডির একটি বিশেষ দল। দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ তদন্তকারী দল কার্যালয়ে উপস্থিত হয়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর অবশেষে তৃণমূলের পার্টি অফিসে ঢোকেন তদন্তকারীরা।
সিআইডি সূত্রে দাবি, সই জালিয়াতি মামলায় প্রাপ্ত তথ্য এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই কার্যালয়ে তল্লাশি চালানোর উদ্যোগ নেওয়া হয়। তবে সেই সময় দিল্লিতে থাকায় কার্যালয়ে উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়।বর্তমানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বে থাকা তৃণমূলের কোষাধ্যক্ষ ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী সিআইডি আধিকারিকদের মুখোমুখি হন। পেশায় আইনজীবী শুভাশিষ চক্রবর্তী স্পষ্টভাবে জানান, দলনেত্রী বা দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া তিনি কার্যালয়ে তল্লাশির অনুমতি দিতে পারবেন না। বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডার পর প্রায় ৩০ জন আধিকারিকদের নিয়ে পার্টি অফিস ঢুকে পড়েন তাঁর।


