West Bengal Budget 2026
Bengal Liberty, ১৬ জুন: পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্যবাসীর নজর এখন আগামী ২২ জুন বিধানসভায় পেশ হতে চলা প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেটের দিকে। নতুন সরকারের প্রথম বাজেটে রাজ্যের আর্থিক অবস্থার উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি এবং দীর্ঘদিনের ঋণের চাপ মোকাবিলার রূপরেখা তুলে ধরা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

বাজেটের মূল ফোকাস (West Bengal Budget 2026)
আগের সরকারের আমলে শিল্পায়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়ন যে গতিতে এগোয়নি বলে নতুন সরকারের দাবি, সেই ঘাটতি পূরণে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করা হতে পারে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতা বৃদ্ধি, বেকার ভাতা দ্বিগুণ করা এবং সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে বলে জল্পনা রয়েছে।
এছাড়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প— যেমন আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী আবাস যোজনা— রাজ্যে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে।

অর্থমন্ত্রীর দিল্লি সফর (West Bengal Budget 2026)
বাজেট পেশের আগে মঙ্গলবার দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, বুধবার তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সঙ্গে বৈঠক করতে পারেন। পাশাপাশি অশোক লাহিড়ী সহ নীতি-নির্ধারণী মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন স্বপন দাশগুপ্ত। তাঁর এই সফরের অন্যতম লক্ষ্য করের বোঝা না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পথ খোঁজা এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে একটি শক্তিশালী আর্থিক কাঠামো গড়ে তোলা।

বিধানসভার অধিবেশন (West Bengal Budget 2026)
আগামী ১৮ জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ১৯ জুন শোকপ্রস্তাব গ্রহণের পর ২২ জুন দুপুর ১২টায় বাজেট পেশ করা হবে।
২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বাজেটের ওপর সাধারণ আলোচনা এবং বিভিন্ন দপ্তরের ব্যয়বরাদ্দ সংক্রান্ত দাবির ওপর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং উন্নয়নমূলক প্রকল্পকে কেন্দ্র করে এবারের বাজেট অধিবেশন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।

