Baranagar BJP
Bengal Liberty:
বরাহনগরে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্দরের ক্ষোভ। তৃণমূলের নেতা-কর্মীদের বিজেপিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা ঘিরে এলাকাজুড়ে পড়েছে বিতর্কিত পোস্টার (Baranagar BJP)। পোস্টারে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, “বরাহনগরের কোনও তৃণমূল কাউন্সিলর তথা কোনও গুন্ডা নেতা-কর্মীকে বিজেপিতে নেওয়া চলবে না।” বরাহনগরের বিভিন্ন এলাকায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠলেও প্রকাশ্যে কেউ দায় স্বীকার করেননি।

বরাহনগরে পোস্টার বিতর্ক Baranagar BJP
এই প্রসঙ্গে বিজেপির উত্তর কলকাতা শহরতলী সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা পুরনো কর্মীদের একাংশের মধ্যে এই ধরনের মনোভাব তৈরি হয়েছে। তাঁর দাবি, নির্বাচনের পর কিছু প্রভাবশালী তৃণমূল নেতা ও কর্মী অর্থের জোরে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন বলে পুরনো কর্মীদের আশঙ্কা। সেই ক্ষোভ থেকেই এই পোস্টার পড়েছে বলে তাঁর ধারণা। চণ্ডীচরণ রায় আরও বলেন, “পুরনো কার্যকর্তারা তাঁদের মনের ভাব এভাবেই প্রকাশ করছেন। চার তারিখের পর কোনও তৃণমূল নেতাকে দলে না নেওয়াই ভালো।”
এই পোস্টারকে কেন্দ্র করে বিজেপির অন্দরে নতুন করে মতবিরোধের ইঙ্গিত মিলছে। যদিও এ বিষয়ে দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

