Baruipur
Bengal Liberty : বারুইপুরে নাবালিকার রহস্যমৃত্যু এবং তার জেরে গণপিটুনিতে অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের মর্মান্তিক মৃত্যু (Baruipur)। শনিবার ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার সাথে ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেন। সাহায্য পেয়ে আপ্লুত মৃতের পরিবারের সদস্যরা (Baruipur)।

মুখে হাসি ইন্দ্রজিতের পরিবারের? (Baruipur)
চাকরির চেক হাতে পেয়ে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাপি মন্ডল। তিনি জানান, তাঁর মাকে এবং বাবাকে অর্থ দিয়ে সাহায্য করেছেন পাশপাশি তাঁদের বাড়ি করে দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে তাঁদের মাসিক রেশন সহ পোশাক দিয়েও সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি এই ঘটনায় যারা যুক্ত তাদের কাউকে রেয়াত দেওয়া হবে না বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি মৃতের মা বলেন, “ছেলেকে তো ফিরে পাবো না। শুধু চাই এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকে যেন শাস্তি পায়।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর পদক্ষেপে অনেকটাই আশ্বস্ত তাঁরা প্রত্যেকে। দোষিরা উপযুক্ত শাস্তি পাক এটায় চায় ইন্দ্রজিতের পরিবার।

ইন্দ্রজিতের হত্যাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর (Baruipur)
ইন্দ্রজিত হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ইন্দ্রজিতকে তাঁর নাম-পরিচয় দেখেই খুন করা হয়েছে। ঘটনার পিছনে কোনও মৌলবাদী গোষ্ঠীর যোগ থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি ভোটে পরাজিতদের উস্কানিও এই ঘটনার নেপথ্যে থাকতে পারে বলে অভিযোগ করেন। তিনি বলেন “ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনির চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দু জানান, পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে। ডিজিপির উদ্যোগে একটি সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে মৃতের দাদাকে।
এছাড়া ঘটনার পর বিশৃঙ্খলার ঘটনায় রেললাইনে লোহার বিম ফেলে নাশকতার চেষ্টার ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া দেন তিনি। তিনি দাবি করেন, “যারা রেললাইনে লোহার বিম ফেলেছিল, তারা কখনও ভারতপ্রেমী হতে পারে না। দেশের ক্ষতি করার যে কোনও চক্রান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” শেষে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক। আইন তার নিজের পথে চলবে। অপরাধীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।”

আরও পড়ুন :
CM Suvendu Adhikari : ইন্দ্রিজিত হত্যাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, ‘ধর্ষক-খুনিদের’ হুঁশিয়ারি

