PM Poshan
Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর শিল্প ও বিনিয়োগের নতুন বার্তা দিতে শুরু করেছে ডবল ইঞ্জিন সরকার (CM Suvendu Adhikari)। একের পর এক শিল্প সংস্থার বিনিয়োগের আশ্বাস দিয়েছে বিজেপি সরকার। তার মধ্যেই এবার বাংলায় ৬০০ কোটি টাকার লগ্নি এল। হুগলির ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে কারখানার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ। শনিবার লাক্স কোজির দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বিনিয়োগকে বাংলার শিল্পোন্নয়নের নতুন মাইলফলক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গোমাতার সেবা করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহনমন্ত্রী অর্জুন সিং (CM Suvendu Adhikari)।

‘বন্ধ কারখানার দরজা খুলতে চাবি হাতে মুখ্যমন্ত্রী’, শিল্পায়নের বার্তা শমীকের (CM Suvendu Adhikari)
লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস মঞ্চ থেকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের বার্তা দিল বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গকে ফের শিল্পের মানচিত্রে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ডবল ইঞ্জিন সরকার। তাঁর কথায়, “আমরা বিনিয়োগ চাই, শিল্প চাই। এমএসএমই-র বিকাশের পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধিতেও সরকার কাজ করছে। দীর্ঘ ৫০ বছর বাম ও তৃণমূলের শাসনে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। এবার সেই বন্ধ কারখানার দরজা খুলতে চাবি হাতে নিয়ে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিল্পমন্ত্রী।”

বাংলাকে আবার বিনিয়োগে ভারত সেরা করে তুলতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলায় ফের বিনিয়োগের পরিবেশ তৈরি হচ্ছে। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা গড়ার কাজ শুরু হয়েছে। রাজ্যে সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির সংস্কৃতি কমেছে বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, শুধু সরকারি চাকরি দিয়ে বেকারত্বের সমস্যা দূর করা সম্ভব নয়। তাই শিল্প, পরিষেবা এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থানের ‘ত্রিশক্তি’ তৈরি করতে চাইছে সরকার। আগামী কয়েক মাসে এক লক্ষ সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশ্বাস দেন তিনি।

৯ হাজার কর্মসংস্থান ও বছরে ১ হাজার কোটি টাকার রাজস্ব বৃদ্ধির আশা
মুখ্যমন্ত্রী জানান, লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের ৬০০ কোটি টাকার বিনিয়োগ রাজ্যের শিল্পোন্নয়নে নতুন দিশা দেখাবে। ৯ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি রাজ্যের বার্ষিক রাজস্ব আয় প্রায় ১ হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, বর্তমানে প্রায় এক কোটি পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছেন। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ এলে তাঁদের অনেকেই ফিরে এসে নিজের রাজ্যেই কাজের সুযোগ পাবেন। বিদেশি বিনিয়োগ টানতেও সরকার উদ্যোগী বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
Nirmal Ghosh : বেপাত্তা নির্মল ঘোষের হঠাৎ উদয় ঋতব্রতর বৈঠকে!

