UCC West Bengal
Bengal Liberty
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) চালুর লক্ষ্যে আরও এক ধাপ(UCC West Bengal) এগোল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর ইউসিসি-র প্রস্তাবিত খসড়া বিল পরীক্ষা ও পর্যালোচনার জন্য ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি(UCC West Bengal)
গত ২ জুলাই রাজ্য মন্ত্রিসভা ইউসিসি-র খসড়া বিলে অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই রাজ্যপালের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ (আহ্বায়ক), অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক এবং নির্মাল্য ভট্টাচার্য।


মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের ইউসিসি-র খসড়া তৈরির ক্ষেত্রে গুজরাটের ইউনিফর্ম সিভিল কোড বিল, ২০২৬; অসমের ইউসিসি আইন এবং উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড আইন, ২০২৪-কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। সরকারের বক্তব্য, ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইনের পরিবর্তে সকল নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উল্লেখ্য, দেশে প্রথম উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করে বিজেপি সরকার। এরপর গুজরাট, ছত্তীসগড় এবং মধ্যপ্রদেশও ইউসিসি কার্যকরের পথে এগিয়েছে। সেই তালিকায় এবার পশ্চিমবঙ্গও যুক্ত হওয়ার প্রস্তুতি শুরু করেছে।

