West Bengal School Uniform
Bengal Liberty
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত(West Bengal School Uniform) স্কুলগুলির ইউনিফর্মে ফের বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২২ সালে চালু হওয়া অভিন্ন নীল-সাদা ইউনিফর্মের পরিবর্তে আবারও স্কুলভিত্তিক ইউনিফর্ম ফিরিয়ে আনার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের জারি করা একটি নির্দেশিকাকে কেন্দ্র করে এমনই জল্পনা শুরু হয়েছে শিক্ষা মহলে। ওই নির্দেশে জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) ২০২২ সালের আগে বিভিন্ন স্কুলে প্রচলিত ইউনিফর্মের রং, নকশা, কাপড়ের ধরন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২২ সালের আগের ইউনিফর্মের তথ্য সংগ্রহের নির্দেশ(West Bengal School Uniform)
শিক্ষা দফতর সূত্রে খবর, ২০২৭ শিক্ষাবর্ষের ইউনিফর্ম তৈরির পরিকল্পনার অংশ হিসেবেই এই সমীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই পড়ুয়াদের ইউনিফর্মের সঠিক মাপ, প্রয়োজনীয় কাপড় এবং ওড়নার মোট চাহিদা নির্ধারণের জন্য ‘বাংলার শিক্ষা’ পোর্টালে একটি বিশেষ বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলকে ওই পোর্টালে পড়ুয়াদের তথ্য আপলোড করতে হবে। সেই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিফর্ম সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে।


উল্লেখ্য, ২০২২ সালের ২০ মার্চ তৎকালীন রাজ্য সরকার সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পনসরড স্কুলের প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য নেভি ব্লু ও সাদা রঙের অভিন্ন ইউনিফর্ম চালু করেছিল। একই সঙ্গে ইউনিফর্মে ‘বিশ্ব বাংলা’ লোগো ব্যবহারও বাধ্যতামূলক করা হয়। সরকারের যুক্তি ছিল, সব আর্থ-সামাজিক স্তরের পড়ুয়াদের মধ্যে বৈষম্য দূর করা এবং ইউনিফর্মের ক্ষেত্রে সমতা বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
জুলাইয়ে’বাংলার শিক্ষা’ পোর্টালে ১৮ র মধ্যে তথ্য আপলোডের নির্দেশ(West Bengal School Uniform)
তবে সেই সিদ্ধান্তের পর থেকেই একাধিক মহল থেকে আপত্তির সুর উঠেছিল। বহু স্কুলের দাবি ছিল, অভিন্ন ইউনিফর্ম চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় হারিয়ে গিয়েছে। একসময় প্রতিটি স্কুলের নিজস্ব রং ও নকশার ইউনিফর্ম ছিল, যা সেই প্রতিষ্ঠানের পরিচয়ের অন্যতম অংশ হিসেবে বিবেচিত হতো। নীল-সাদা অভিন্ন ইউনিফর্ম চালুর পর সেই বৈশিষ্ট্য কার্যত মুছে যায়। শুধু তাই নয়, ইউনিফর্ম বিতরণ ও মাপ নেওয়া নিয়েও নানা সমস্যার অভিযোগ সামনে এসেছিল।
সরকারের এই উদ্যোগে আশাবাদী পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের বড় অংশ। তাঁদের মতে, দীর্ঘদিন পর স্কুলগুলি আবার নিজেদের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য বজায় রেখে ইউনিফর্ম নির্ধারণের সুযোগ পেতে পারে। পাশাপাশি ইউনিফর্ম তৈরির প্রক্রিয়াও আরও স্বচ্ছ ও সহজ হবে।
জোর জল্পনা, ফিরতে পারে স্কুলভিত্তিক ইউনিফর্ম(West Bengal School Uniform)
এক শিক্ষক বলেন, “আগে স্কুল থেকেই পড়ুয়াদের মাপ নিয়ে ইউনিফর্ম দেওয়া হতো। পরে বাইরে গিয়ে মাপ দেওয়ার ব্যবস্থা হওয়ায় অনেক পড়ুয়া অনুপস্থিত থাকত। ফলে সঠিক মাপের পোশাক না পাওয়ার সমস্যা তৈরি হতো। বর্তমান সরকারের এই উদ্যোগ সেই সমস্যার অনেকটাই সমাধান করবে বলে আমরা আশা করছি।”

যদিও শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি যে অভিন্ন ইউনিফর্ম সম্পূর্ণ তুলে দেওয়া হবে কি না। তবে ২০২২ সালের আগের ইউনিফর্মের তথ্য সংগ্রহের নির্দেশকে ঘিরে শিক্ষা মহলের বড় অংশের ধারণা, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলগুলিকে আবার নিজেদের পছন্দমতো ইউনিফর্ম বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। ফলে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের নজর এখন শিক্ষা দফতরের পরবর্তী সিদ্ধান্তের দিকেই।

