Thakurpukur News
Bengal Liberty
আবারও মধ্যরাতে খাস কলকাতায় গণধর্ষণের(Thakurpukur News) অভিযোগ। বারুইপুরের ঘটনার রেশ এখনও মানুষের মনে দগদগে। সেই আবহেই সামনে এল আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় এক ২২ বছরের তরুণীকে ধর্ষণ, শ্লীলতাহানি এবং মোবাইল আটকে রাখার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম টিঙ্কু, কৌশিক ও বাবাই। এই ঘটনায় ঠাকুরপুকুর থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

মূল অভিযুক্তের বাড়িতে নির্যাতনের অভিযোগ, উদ্ধার মোবাইল(Thakurpukur News)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর দাবি, ১২ জুলাই রাত ২টো থেকে আড়াইটের মধ্যে বাচারপাড়া এলাকায় মূল অভিযুক্ত টিঙ্কুর বাড়িতে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পাশাপাশি কৌশিক নামের অন্য এক যুবক তাঁকে অশালীনভাবে স্পর্শ করে শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।

অভিযোগে আরও বলা হয়েছে, তিন অভিযুক্ত মিলে তাঁর মোবাইল ফোনটি কেড়ে নিজেদের কাছে রেখে দেয়। ওই মোবাইল হারানোর অভিযোগ জানাতে তিনি আগের রাতে নেতাজিনগর থানায়ও গিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে। পাশাপাশি অভিযোগকারিণীর মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে(Thakurpukur News)
অভিযোগকারিণী এবং মূল অভিযুক্ত টিঙ্কু একে অপরের পরিচিত। ১১ জুলাই রাতে ওই তরুণী টিঙ্কুর বাড়িতে গিয়েছিলেন। অপর দুই অভিযুক্ত কৌশিক ও বাবাই টিঙ্কুর বন্ধু, তারা ১২ জুলাই সকালে সেখানে আসে।
তবে তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত কৌশিক ও বাবাইয়ের বিরুদ্ধে অভিযোগকারিণীকে সরাসরি ধর্ষণের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। ঘটনায় তাদের ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তারপরও এই ধরনের ঘটনা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। উল্লেখ্য, বারুইপুর কাণ্ডেও দ্রুত পদক্ষেপ করেছিল রাজ্য পুলিশ। সেই ঘটনায় অভিযুক্তদের ধরতে গিয়ে পুলিশের অভিযানে এক অভিযুক্তের মৃত্যু হয়। এবার ঠাকুরপুকুরের এই ঘটনাও আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।


