Abhishek Banerjee
Bengal Liberty
ডায়মন্ড হারবার মডেল নিয়ে আবারও প্রশ্নের(Abhishek Banerjee) মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ২০২২ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’-কে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন সমাজকর্মী অভিজিৎ দাস (ববি)। সোমবার জমা দেওয়া এই অভিযোগে তিনি দাবি করেছেন, ওই কর্মসূচির পরিকল্পনা, সরকারি সম্পদের ব্যবহার, কোভিড পরীক্ষার কিট সংগ্রহ, সরকারি আধিকারিকদের ভূমিকা এবং সরকারি তথ্যের সত্যতা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। পাশাপাশি, প্রাথমিক তদন্তে অপরাধের প্রমাণ মিললে FIR দায়েরের আবেদনও জানিয়েছেন তিনি।

সরকারি সম্পদের অপব্যবহার ও তথ্যের স্বচ্ছতা নিয়ে তদন্তের আর্জি(Abhishek Banerjee)
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ১২ জানুয়ারি ডায়মন্ড হারবারে একদিনে ৫৩,২০৩টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল বলে সরকারি ও প্রকাশ্য তথ্যসূত্রে দাবি করা হয়। অভিযোগকারীর দাবি, তৎকালীন সময়ে গোটা পশ্চিমবঙ্গে দৈনিক গড় পরীক্ষার তুলনায় এই পরিসংখ্যান অস্বাভাবিক। তাই টেস্ট কিট কেনার নথি, টেন্ডার, বিল, সরবরাহকারী সংক্রান্ত তথ্য এবং সরকারি অনুমোদনের সমস্ত নথি খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই কর্মসূচিতে সরকারি প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও পরিকাঠামো কীভাবে ব্যবহার করা হয়েছিল, তারও তদন্ত প্রয়োজন। পাশাপাশি, কোভিড পরীক্ষার তথ্য, পজিটিভিটি রেট, ল্যাবরেটরির নথি, ICMR-এ আপলোড হওয়া তথ্য এবং মাঠপর্যায়ের কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণের বিষয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।
এই অভিযোগে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৎকালীন জেলা শাসক, পুলিশ সুপার এবং একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা খতিয়ে দেখার আবেদন করা হয়েছে। অভিযোগপত্রের সঙ্গে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, সামাজিক মাধ্যমের পোস্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিও সংযুক্ত করা হয়েছে।


