Independence Day
Bengal Liberty
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবার রাজ্যজুড়ে বড় আকারে ‘হর ঘর তেরঙা’ অভিযান পালন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Independence Day)। আগামী ৯ অগাস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ইতিমধ্যেই বিস্তারিত ১৩ দফা নির্দেশিকা জারি করেছে। লক্ষ্য, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

রাজ্যজুড়ে তেরঙ্গা মিছিল Independence Day
এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যজুড়ে প্রায় ৩৫ লক্ষ জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিটি জেলা ও কলকাতা পুরসভা এলাকায় ১ লক্ষ ৫০ হাজার করে এবং কালিম্পং জেলায় ২০ হাজার জাতীয় পতাকা সরবরাহ করা হবে। কর্মসূচি বাস্তবায়নে জেলা, মহকুমা, ব্লক, পুরসভা ও পুরনিগম স্তরে বিশেষ আর্থিক বরাদ্দও করেছে রাজ্য সরকার। জেলা ও বড় পুরনিগমগুলিকে ১ লক্ষ টাকা, মহকুমাগুলিকে ৫০ হাজার টাকা এবং ব্লক ও পুরসভাগুলিকে ২০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ৯ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত রাজ্যের সর্বত্র তেরঙ্গা মিছিল, প্রভাতফেরি, ই-বাইক মিছিল, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, সেমিনার ও বিতর্ক সভার আয়োজন করা হবে। স্কুল-কলেজে স্বাধীনতা সংগ্রামীদের বাণী ও ‘বন্দে মাতরম’-এর অংশ তুলে ধরে গ্রাফিতি, জনবহুল এলাকায় তেরঙ্গা-থিমের রঙ্গোলি এবং সরকারি ভবনে বিশেষ আলোকসজ্জারও নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের কর্মসূচিকে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। Har Ghar Tiranga পোর্টালে তেরঙ্গা হাতে সেলফি আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে ‘বন্দে মাতরম’-এর গানের কথা যুক্ত হবে এবং অংশগ্রহণকারীরা ডিজিটাল সার্টিফিকেটও পাবেন।
নবান্নের নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, এনসিসি, এনএসএস, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ—সকলকেই এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। কর্মসূচি শেষে প্রতিটি প্রশাসনিক ইউনিটকে ছবি, ভিডিও ও বিস্তারিত রিপোর্ট তথ্য ও সংস্কৃতি দফতরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

