Kajal Sheikh
Bengal Liberty
নানুর দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর (Kajal Sheikh)। শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে হাসনের তৃণমূল বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির গাড়িকেও নিশানা করা হয়। শুধু তা-ই নয়, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ‘চোর’ স্লোগানও ওঠে বলে তৃণমূলের দাবি। তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরাই এই বিক্ষোভ ও ‘ডিম থেরাপি’র সঙ্গে জড়িত। ডিম জনপ্রতিনিধিদের গায়ে না লাগলেও, কাজল শেখের গাড়িটি ডিমে মাখামাখি হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

বাংলার কৃষ্টি-সংস্কৃতির পরিপন্থী
এই ঘটনার কড়া নিন্দা করে কাজল শেখ বলেন, জনপ্রতিনিধি হওয়ার আগেও তিনি প্রতি বছর নানুর দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে আসতেন; এবারও সেই উদ্দেশ্যেই এসেছিলেন। তাঁর অভিযোগ, কিছু সমাজবিরোধী তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়েছে। ক্ষোভ প্রকাশ করে কাজল শেখ আরও বলেন, “এটা বাংলার কৃষ্টি ও সংস্কৃতির পরিপন্থী। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

উল্লেখ্য, ২০০০ সালের ২৭ জুলাই বীরভূমের নানুরের সূচপুরে ১১ জন খেতমজুর খুন হন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর তৃণমূল কংগ্রেস ‘নানুর দিবস’ পালন করে এবং শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এ বছরও সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়েই এই বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

