Kolkata High Court
Bengal Liberty
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁর আগাম জামিনের মামলার শুনানি হলেও তা মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখা হয়।

গ্রেফতারে অন্তর্বর্তী সুরক্ষা
শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের উদ্দেশে মন্তব্য করেন, “মামলাকারীকে গ্রেফতার করবেন না। অনেক ঘটনায় দেখেছি আপনারা গ্রেফতার করে নেন। রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যেই গ্রেফতার করা হচ্ছে।” এর জবাবে রাজ্যের আইনজীবী জানান, পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ করা হবে। তিনি আদালতকে আশ্বস্ত করে বলেন, মামলা বিচারাধীন থাকলে কোনও কড়া পদক্ষেপ করা হবে না এবং বিষয়টি পুলিশকেও জানিয়ে দেওয়া হবে।

এদিন অন্য একটি মামলার শুনানিতেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একই প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, “কেন এমন হচ্ছে? পুলিশ কি আদালতের উপর আস্থা রাখতে পারছে না?” রাজ্যের আইনজীবী আবারও জানান, কোনও মামলা বিচারাধীন থাকলে বা আদালতের অন্তর্বর্তী নির্দেশ কার্যকর থাকলে যাতে পুলিশ কঠোর পদক্ষেপ না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।

