Supreme Court
Bengal Liberty
যন্তর মন্তরে ‘চলো সংসদ’ কর্মসূচিতে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগের ভিত্তিতে এবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, “শুধুমাত্র বিক্ষোভ বা আন্দোলন হলেই লাঠিচার্জ করা যায় না।” নিট (Supreme Court)-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে ছাত্র আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জের অভিযোগ সামনে আসে। সেই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে বিক্ষোভ প্রদর্শন সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। তাই আন্দোলন চলছে বলেই পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করতে পারে না।

আন্দোলন মানেই বলপ্রয়োগ নয়
আদালত পর্যবেক্ষণে জানায়, কোনো বিক্ষোভ যদি শান্তিপূর্ণ ও আইনসম্মত হয়, তবে তা দমন করতে পুলিশি শক্তি প্রয়োগের কোনো যৌক্তিকতা নেই। আইনশৃঙ্খলা বজায় রাখার নামে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার অযথা খর্ব করা উচিত নয় বলেও মন্তব্য করে শীর্ষ আদালত।

উল্লেখ্য, গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে ‘চলো সংসদ’ অভিযানের সময় আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের বিরুদ্ধে নির্বিচার লাঠিচার্জের অভিযোগ ওঠে। আন্দোলনকারীদের পাশাপাশি বিরোধী দলগুলিও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিল। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

