Suvendu Adhikari
Bengal Liberty
আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার। জল্পেশ মন্দির থেকে পুজো দিয়ে বেরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম কেউ এই মন্দিরে পদার্পণ করলেন। ঐতিহাসিক এই শিবমন্দিরে পুজো দিয়ে নজির গড়লেন শুভেন্দু। রাজ্যের ইতিহাসে প্রথম বার, কোন মুখ্যমন্ত্রীর আগমন ঘটল জল্পেশ মন্দিরে।

এখানে ভগবান শিব বা ভৈরব ‘জল্পেশ’ নামে পূজিত হন। মন্দিরের ভেতরের শিবলিঙ্গটি ‘অনাদি’ অর্থাৎ যার কোনো আদি বা অন্ত নেই। মন্দিরে প্রবেশ করে পূজারীদের সাহায্যে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন এবং মহাদেবের উদ্দেশ্যে ফুল জল নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখতে প্রচুর মানুষ উপস্থিত হয়। পুজো নিবেদন শেষ করে পরবর্তী কর্মসূচির পথে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari
সোমবার জলপাইগুড়ির জেলাশাসকের কার্যালয়ে প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, তুলে দেওয়া হয়েছে চাকরির নিয়োগপত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” ১১ পরিবারের মধ্যে ন’টি পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। সাতটি পরিবারের সদস্যরা পাবেন হোমগার্ডের চাকরি, ২ পরিবার সিভিক পুলিশে যোগ দেবেন। ১১ টি পরিবারকে সবমিলিয়ে মোট ২১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।”
পরিযায়ী শ্রমিকদের প্রতি তাঁর আহ্বান, ‘‘আপনারা ঘরে ফিরে আসুন। রাজ্য সরকার এখন অনেক সুবিধা দিতে প্রস্তুত। নতুন করে জবকার্ড করে নিন, ১২৫ দিনের কাজ পাবেন। তাছাড়া বিনামূল্যে রেশন দেয় কেন্দ্র, আয়ুষ্মান ভারত আছে। যাঁরা এই সুবিধা পাবেন না, তাঁদের জন্য আছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। আপনারা ফিরে এলে কোনও অসুবিধা হবে না।” স্বজনহারাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত কথা রাখলেন তিনি।

