Abhisekh Banerjee
Bengal Liberty
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (পিএ) সুমিত রায়কে এখনই কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দিল না কলকাতা হাই কোর্ট (Abhisekh Banerjee)। মঙ্গলবার জমি জালিয়াতির মামলায় আগাম জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, “তদন্ত চলছে। এক্ষুনি রক্ষাকবচ চাইবেন না।” বুধবার আবার মামলাটি শুনবে আদালত।

সরকারি জমি বিক্রির অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল ও বিক্রির অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর পক্ষে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, পুলিশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট জমিগুলি সরকারি নথিতে নথিভুক্ত এবং প্রকৃত মালিকদেরও শনাক্ত করা হয়েছে। সুজয় হাজরা ক্যামাক স্ট্রিটে এসে টাকা দিতেন বলে যে অভিযোগ উঠেছে, তার কোনও প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি। পাশাপাশি জানান, সুমিতের আয়কর সংক্রান্ত তথ্যও আদালতে জমা দেওয়া হয়েছে।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) রাজদীপ মজুমদারের সওয়াল, তদন্তে উঠে এসেছে প্রকৃত জমির মালিকদের জোর করে উচ্ছেদ করা হয়েছিল।

বিএলআরও-র তথ্য অনুযায়ী জমিগুলি সরকারি হলেও, ভুয়ো নথি তৈরি করে অস্তিত্বহীন ব্যক্তিদের নামে রেকর্ড করে সেগুলি বিক্রি করা হয়েছে। ওই দুর্নীতিতে যুক্ত থেকে সুবিধা নিয়েছেন সুমিত। এএজি আরও জানান, তদন্তে তৃণমূল নেতা সুজয় হাজরার কাছ থেকে বিএলআরও-র রাবার স্ট্যাম্প-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

