Agnimitra Paul
Bengal Liberty
পুরসভা অঞ্চলগুলিতে চালু হতে চলেছে ‘গ্রিভান্স সেল’। যেসব পুরসভায় এখনো নির্বাচন সম্পন্ন হয়নি এবং নতুন বোর্ড গঠিত হয়নি, সেসব এলাকার সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি কার্যকর গ্রিভান্স সেল গঠনের ঘোষণা করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি গ্রিভান্স সেলের দায়িত্বে থাকবেন একজন করে নোডাল অফিসার। পাশাপাশি, অভিযোগ গ্রহণ ও তা সমাধানের কাজে সহায়তার জন্য আরও একজন কর্মী নিযুক্ত থাকবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গ্রিভান্স সেল খোলা থাকবে।

নির্বাচনহীন পুরসভায় গ্রিভান্স সেল
অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, অভিযোগ জানাতে আসা বা ফোনে যোগাযোগ করা প্রতিটি নাগরিকের সঙ্গে নমনীয় ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। অনেক সময় অভিযোগকারীরা সহজে ফোনে যোগাযোগ করতে পারেন না—এ বিষয়েও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি সেলে নিযুক্ত অফিসার অভিযোগগুলি পর্যবেক্ষণ করবেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। এই ব্যবস্থার ফলে দপ্তরে সরাসরি এসে অভিযোগ জানানোর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। মানুষের প্রতিটি সমস্যার যেন যথাযথ সমাধান নিশ্চিত করা যায়, সে বিষয়ে মন্ত্রী বিশেষ জোর দিয়েছেন। বর্তমানে পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন দপ্তরের কর্মকর্তা শান্তনু নাহা।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের সুবিধার্থে হেল্পলাইন নম্বর ও অনলাইন পোর্টাল চালু করা হয়েছিল। পুরমন্ত্রী জানিয়েছেন, সপ্তাহে তিন দিন এক ঘণ্টার জন্য এই হেল্পলাইন নম্বর চালু থাকে। সেখানে প্রচুর মানুষ ফোন করছেন এবং প্রায় প্রত্যেকের অভিযোগ শুনে তা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। তার সঙ্গেই এবার সরাসরি গ্রিভান্স সেল গঠনের কথা ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

