Assam Flood
Bengal Liberty
আসামের পরিস্থিতি অত্যন্ত জটিল (Assam Flood)। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা ১৬ থেকে কমে ৬টিতে নেমে এসেছে। কিন্তু মৃত্যু বাড়ছে। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জন। সেই দিক থেকে দেখতে গেলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫.৬৪ লাখেরও বেশি মানুষ।
টানা বৃষ্টি ও হড়পা বানের কারণে জুলাই মাসের মাঝামাঝি থেকেই অসমের নদনদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল। কার্যত একসময় ১৬টি জেলা প্লাবিত হয়েছিল। এখনও ৩৭,১৩৯.৫২ হেক্টর কৃষিজমির ফসল জলের নিচে রয়েছে। গত প্রায় দু’সপ্তাহের এই বন্যায় ২৬ হাজার ৬৭৯টি গবাদিপশু ভেসে গিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে।

লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত Assam Flood
অসমের বন্যাকবলিত জেলাগুলি হল শিবসাগর, গোলাঘাট, চারাইদেও, জোরহাট, কামরূপ সহ আরও বেশকিছু এলাকা। এই জেলাগুলিতে বর্তমানে ৪ লাখ ৪৫ হাজার ৪৯৫ জন মানুষ জলবন্দি বা বন্যায় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চারাইদেও জেলা। সেখানে ১ লাখ ৮৮ হাজার ৪০৪ জন মানুষ বন্যার কারণে দুর্ভোগে রয়েছেন। শিবসাগরে ক্ষতিগ্রস্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৪৬১ এবং জোরহাটে ৭৪ হাজার ৪৫৮ জন।

সরকারের পাশে থাকার আশ্বাস
বন্যাদুর্গত মানুষের জন্য অসম সরকার ৯০টি আশ্রয়কেন্দ্র এবং ৯৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রগুলিতে ২৮ হাজার ৬৯৫ জন মানুষ অবস্থান করছেন।

দুর্গম বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, অপেক্ষায় এলাকাবাসী।

