Abhishek Banerjee
Bengal Liberty: বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির নিজেরই—এমনটাই স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড কোনোটিই নাগরিকত্বের নিশ্চিত প্রমাণ নয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতে এক বাংলাদেশি নাগরিকের আটকাধীন থাকার সিদ্ধান্তই বহাল রাখল হাই কোর্ট।

হাই কোর্টের পর্যবেক্ষণ (Calcutta High Court)
বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অভিবাসন আইন অনুযায়ী বিদেশি বলে সন্দেহ হলে নাগরিকত্ব প্রমাণের দায় ওই ব্যক্তির ওপরই বর্তায়। ভোটার কার্ড কেবল ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ। এছাড়া প্যান কার্ড বা আধার কার্ড থেকেও নাগরিকত্ব নিশ্চিত হয় না। জন্মসূত্রের সপক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ ও সন্তোষজনক নথি দিতে ব্যর্থ হওয়ায় ওই ব্যক্তির আটকাদেশ বহাল রাখা হয়েছে।

মামলার প্রেক্ষাপট (Calcutta High Court)
সুমন মোল্লা নামের এক ব্যক্তি তাঁর ভাইপোকে বেআইনি আটকের অভিযোগ তুলে হাই কোর্টে হেবিয়াসের কর্পাস মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, নানা নথিপত্র এবং দাদুর আমলের জমির রেকর্ড থাকলেও পুলিশ বেআইনিভাবে তাঁকে আটক করেছে। অন্যদিকে রাজ্যের পক্ষে জানানো হয়, তদন্তের শুরুতে ওই ব্যক্তি নিজেই নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেছিলেন এবং নাগরিকত্ব প্রমাণের জন্য নির্দিষ্ট সময় পেলেও তিনি কোনো গ্রহণযোগ্য নথি জমা দিতে পারেননি।

