Calcutta High Court
Bengal Liberty : পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন রোধ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পাবলিক পরীক্ষা (অসৎ উপায় প্রতিরোধ) আইন, ২০২৪’-এর আওতায় দায়ের হওয়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গ ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাধিক আদালতকে ‘ডেসিগনেটেড ফাস্ট ট্র্যাক কোর্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে (Calcutta High court)।

অভিযোগের তিন মাসের মধ্যে বিচার শেষের নির্দেশ (Calcutta High court)
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার মামলাগুলির বিচার হবে কলকাতার সিটি সেসন্স কোর্টের বেঞ্চ-১-এ। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত করা মামলার বিচার প্রক্রিয়া চলবে সিটি সেসন্স কোর্টের বিশেষ সিবিআই কোর্ট নম্বর ২-এ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে পোর্ট ব্লেয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে। মামলার প্রাথমিক শুনানির জন্য পশ্চিমবঙ্গে নির্ধারিত করা হয়েছে কলকাতার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের প্রথম আদালত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই দায়িত্ব পালন করবেন পোর্ট ব্লেয়ারের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, চার্জশিট দাখিলের তারিখ থেকে সাধারণত তিন মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত রায় দিতে হবে। এছাড়া, নিম্ন আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন সংশ্লিষ্ট ডেসিগনেটেড ফাস্ট ট্র্যাক সেসন্স কোর্টেই দাখিল করতে হবে। পরীক্ষায় জালিয়াতি ও অনিয়ম রুখতে দ্রুত এবং কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :
Supreme court : নিট বিক্ষোভে আটক পড়ুয়াদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

