Rakesh Tikait
Bengal Liberty: কৃষক, ছাত্র এবং যুবসমাজকে নিয়ে একটি শক্তিশালী যৌথ মঞ্চ গড়ে তোলার উদ্দেশ্যে দিল্লির বিশিষ্ট কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে বৈঠক করল ‘কক্রোচ জনতা পার্টি’ (সিজেপি)। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইতের মধ্যে হওয়া এই বৈঠকে নরেন্দ্র মোদি সরকারকে চারদিক থেকে ঘিরে ধরার হুঙ্কার দেওয়া হয়েছে।

বৈঠকের মূল উদ্দেশ্য (Rakesh Tikait)
প্রশ্নফাঁস ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতি সিজেপি-র প্রাথমিক আন্দোলন স্থগিত হওয়ার পর, এবার তারা ছাত্র ও যুবদের পাশাপাশি কৃষকদের সমস্যাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বিহার, পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মতো বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী ছাত্র-যুবদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মিথ্যা মামলা ও এফআইআর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। তারা হুঁশিয়ারি দিয়েছে, কেন্দ্র সরকার প্রতিশ্রুতি রক্ষা না করলে কৃষক সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

পটভূমি (Rakesh Tikait)
এর আগে নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনা দিয়েছিল সিজেপি। সেই সময় সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন রাকেশ টিকাইত। সেই সূত্র ধরেই এবার কৃষক ও ছাত্র সমাজকে এক ছাতার তলায় এনে একযোগে লড়াই করার এই নতুন পদক্ষেপ নেওয়া হলো।

