Sreelekha Mitra
Bengal Liberty
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়ার পর সমালোচনার মুখে পড়েতে হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra)। দিল্লিতে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে তিনি অংশ নেন। সেই সময় তার হাতে থাকা একটি পোস্টারে মোদির বিকৃত কার্টুন ছবি দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তীব্র প্রতিবাদ জানায়। এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী,নৃত্যশিল্পী মমতা শংকর।

মমতা শংকর বলেন, মানুষের প্রতি সম্মান দেখানো প্রত্যেকের দায়িত্ব। তার মতে, প্রধানমন্ত্রী যেই হন না কেন, তিনি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে রয়েছেন। তাই কাউকে ছোট করা ঠিক নয়। তিনি আরও বলেন, দেশের দায়িত্ব সামলানো অত্যন্ত কঠিন কাজ। একটি পরিবার চালাতেই যেমন নানা সমস্যার মুখোমুখি হতে হয়, তেমনই একটি দেশ পরিচালনা করা আরও বড় দায়িত্ব। মুখ্যমন্ত্রীর প্রতি তার এই মন্তব্যের পর শ্রীলেখাকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে।

ঘটনাকে ঘিরে শ্রীলেখার বক্তব্য Sreelekha Mitra
অপরদিকে, ঘটনার জেরে রাজ্যের ৬০টিরও বেশি থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। বিজেপির পক্ষ থেকে তার গ্রেফতারের দাবিও তোলা হয়েছে। তবে শ্রীলেখা দাবি করেছেন, পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল। তার অভিযোগ, মিছিলে কয়েকজন তরুণ তার সঙ্গে ছবি তুলতে এসে একটি পোস্টার হাতে দেন, আর না দেখেই তিনি সেটি ধরে ছবি তোলেন।

এই ব্যাখ্যা সামনে এলেও তা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি। শ্রীলেখার দাবি, সেই সময় তার চোখে চশমা ছিল না, চারপাশে লাঠিচার্জ চলছিল। তাই পোস্টারে ঠিক কী ছিল, তা তিনি বুঝতে পারেননি। এমনকি এর পিছনে ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেননি অভিনেত্রী। তবে সমাজের একাংশ তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক, সামাজিক মহলে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে।

