Birbhum
Bengal Liberty : বীরভূমে কোটি টাকার ‘গুপ্তধন’ উদ্ধারের ঘটনায় এল বড় মোড়। বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের পর অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বোনের স্বামী মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ (Birbhum)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৮.৫ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সম্পদের মোট মূল্য প্রায় ৫০ কোটি টাকা। ইতিমধ্যেই বাড়িটি সিল করে তদন্ত আরও জোরদার করা হয়েছে। যদিও অভিযুক্তের স্ত্রীর দাবি, সমস্ত টাকা তাঁদের আত্মীয় টুলু মণ্ডলের (Birbhum)।

বাড়ি সিল, নিরাপত্তায় ঘেরা গোটা এলাকা (Birbhum)
বৃহস্পতিবার সকাল থেকেই মহম্মদবাজারের ডেউচায় মিনার মণ্ডলের বাড়ির চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ান। বিশাল নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। রাতভর পুলিশি পাহারার মধ্যেই উদ্ধার হওয়া নগদ টাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সিউড়িতে বীরভূম পুলিশ সুপারের দফতরে নিয়ে যাওয়া হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) গাইকোয়াড নীলেশ শ্রীকান্ত জানান, বাড়ির মালিক মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও মূল্যবান সামগ্রী উদ্ধার হওয়ায় তদন্তের স্বার্থে বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।

স্ত্রীর দাবি, ‘টাকা টুলু মণ্ডলের’ (Birbhum)
মঙ্গলবার গভীর রাতে মিনারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে আলমারি ও অন্যান্য জায়গায় টাকা লুকিয়ে রাখার তথ্য মেলে। বিপুল পরিমাণ টাকা গণনার জন্য আনা হয় পাঁচটি নোট গোনার মেশিন ও পাঁচটি বড় ট্রাঙ্ক। তল্লাশি নির্বিঘ্নে চালাতে বাড়িতে জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। মিনার মণ্ডলের স্ত্রীর দাবি, প্রায় এক বছর আগে টুলু মণ্ডল তাঁদের বাড়িতে এই টাকা রেখে গিয়েছিলেন। আলমারির চাবিও তাঁর কাছেই ছিল। তাঁদের পরিবার পেনশনের টাকায় চলে এবং উদ্ধার হওয়া নগদ বা সোনার বিষয়ে তাঁদের কোনও ধারণা ছিল না বলেও দাবি করেন তিনি।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, টুলু মণ্ডল কয়লা ও পাথর ব্যবসার পরিচিত নাম। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে এই চক্র ফুলেফেঁপে উঠেছিল এবং প্রশাসনের একাংশেরও মদত ছিল। অন্যদিকে, উদ্ধার হওয়া টাকা ও সোনার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন। তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের এই অভিযান সফল হয়েছে এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সরকারের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে।
আরও পড়ুন :
Birbhum Cash Recovery: বীরভূমে টাকার পাহাড় ও সোনার খনি, তল্লাশিতে উদ্ধার সাড়ে ২৮ কোটি ও ১৫ কেজি সোনা

