Birbhum News
Bengal Liberty
মিনার মণ্ডলের(Birbhum News) বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনার তদন্তে এবার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি ও অন্যান্য সম্পত্তিতে হানা দিল বীরভূম জেলা পুলিশ। শুক্রবার সিউড়ির সুভাষপল্লিতে অবস্থিত তাঁর বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি (ডিইবি) সুরজিৎ মণ্ডল, ডিএসপি (সদর) সৌরভ ভট্টাচার্য ও সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়-সহ জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক।

সিউড়ি, সোঁতশাল, মহম্মদবাজারে একযোগে চলছে পুলিশের তল্লাশি(Birbhum News)
পুলিশ বাড়ির প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করছে। একই সঙ্গে সোঁতশাল এলাকায় টুলু মণ্ডলের নির্মীয়মাণ বাড়ি এবং মহম্মদবাজারে তাঁর গাড়ি পার্কিংয়ের জায়গাতেও তল্লাশি চালানো হয়। এই বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার প্রকৃত উৎস কী এবং এর নেপথ্যে কোন আর্থিক লেনদেন রয়েছে, সেই তথ্য সংগ্রহ করাই তদন্তকারীদের মূল লক্ষ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোঁতশাল ও সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের দুটি বাড়িই অত্যন্ত বিলাসবহুল। বিশেষ করে সুভাষপল্লির বাড়ির অন্দরসজ্জা, দামি আসবাব, আধুনিক ‘লিভিং স্পেস’ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী তদন্তকারীদের নজর কেড়েছে।
পাশাপাশি, বাড়ির বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে(Birbhum News)
উল্লেখ্য, এর আগে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। জেরায় মিনার মণ্ডলের স্ত্রী ও ছেলে দাবি করেন, উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনা আসলে টুলু মণ্ডলেরই। তাঁরা আরও জানান, প্রায় এক বছর আগে কিছু কাগজপত্র আছে বলে ট্রাঙ্কগুলি তাঁদের বাড়িতে রেখে গিয়েছিলেন টুলু মণ্ডল। তাঁদের এই দাবি কতটা সত্য, তা যাচাই করতেই একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ। ইতিমধ্যেই মিনার মণ্ডলের বাড়ি থেকে সমস্ত টাকা ও সোনা বাজেয়াপ্ত করে বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


