RG Kar
Bengal Liberty:
আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় রদবদল আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । আগের তদন্তকারী অফিসার সীমা পাহুজার পরিবর্তে দায়িত্ব নিয়েছেন দিল্লি পুলিশের এসিপি পদমর্যাদার আধিকারিক সন্দীপনি গর্গ। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে নতুন তদন্তকারী অফিসারের পক্ষ থেকে তিন পাতার একটি স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়।

RG Kar Case
আদালতে সিবিআই জানিয়েছে, এই মামলার ২০ ভলিউম কেস ডায়েরি এবং প্রায় এক হাজার পাতার নথি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রতিটি দিক পুনর্বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নতুন এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার। এছাড়া এই দলে রয়েছেন আরজি কর দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়ও।
RG Kar Case ২০ ভলিউমের কেস ডায়েরি খতিয়ে দেখছে নতুন তদন্তকারী দল

সিবিআইয়ের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে এবং তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। এদিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা। তিনি নতুন তদন্তকারী অফিসারের কাছে আবেদন জানান— ঘটনার দিন তাঁর মেয়ের সঙ্গে যাঁদের শেষবার দেখা গিয়েছিল, তাঁদের ভূমিকা যেন অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়।
RG Kar Case
নির্যাতিতার পক্ষের আইনজীবী অমর্ত্য দে জানান, আগের তদন্তকারী দলকে নির্মল ঘোষের ভূমিকা এবং ‘লাস্ট সিন থিয়োরি’ নিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। নতুন তদন্তকারী দল পূর্ববর্তী তদন্তের অগ্রগতি এবং সম্ভাব্য ফাঁকফোকরগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই তাঁরা আশাবাদী।

RG Kar Case
শুনানি শেষে আদালত কক্ষেই নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন নতুন তদন্তকারী অফিসার সন্দীপনি গর্গ। তিনি নির্যাতিতার মায়ের হাত ধরে আশ্বস্ত করেন এবং তদন্ত প্রক্রিয়ার উপর আস্থা রাখার অনুরোধ জানান। সিবিআইয়ের নতুন তদন্তকারী দল দায়িত্ব নেওয়ায় এই মামলার তদন্তে নতুন গতি আসবে বলেই আশা প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ মেট্রোপলিটন তৃণমূল ভবনের চাবি শাসক শিবিরের হাতে, শুরু স্থায়ী কার্যালয়ের প্রস্তুতি

