Randeep Hooda
Bengal Liberty
অসমে বন্যা পরিস্থিতিতে এখনও সংকট কাটেনি। রাজ্যের একাধিক জেলা জলমগ্ন (Randeep Hooda)। হাজার হাজার মানুষ ঘরছাড়া। দুর্দশাগ্ৰস্থ মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিরাও দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রণদীপ হুডা। শনিবার শিবসাগর রেলস্টেশন সংলগ্ন একটি ত্রাণ শিবিরে পৌঁছে বন্যাদুর্গতদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেন অভিনেতা। স্বেচ্ছাসেবকদের সঙ্গে থেকে তিনি ত্রাণ বিতরণেও অংশ নেন। পরে শিবসাগরের গুরুদ্বার সাহেবেও যান রণদীপ। সেখানে বন্যাদুর্গতদের সুস্থতা এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্য প্রার্থনা করেন।

মানবতার বার্তা অভিনেতার
অভিনেতা রণদীপ হুডা জানিয়েছেন, শিবসাগর রেলস্টেশন এবং আশপাশের এলাকা থেকে বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এই ত্রাণ শিবিরে এসেছেন। গত সাত দিন ধরে তাঁদের জন্য নিয়মিত রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

তাঁর কথায়, “মানবতা সবকিছুর ঊর্ধ্বে। বহু বছর ধরে আমি গ্লোবাল শিখস-এর সঙ্গে কাজ করছি। তাঁদের মানবিক উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। শুধু অসম নয়, দেশের যে কোনও প্রান্তে মানুষ বিপদে পড়লে আমাদের সাধ্যমতো পাশে দাঁড়ানো উচিত।” তিনি আরও জানান, শুধুমাত্র খাদ্যসামগ্রী বিতরণ নয়, দুর্গতদের দীর্ঘমেয়াদি প্রয়োজনের দিকেও নজর দেওয়া হচ্ছে। যাঁদের কাছে এখনও সাহায্য পৌঁছায়নি, তাঁদের চিহ্নিত করে নিরাপদ আশ্রয়, খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

সূত্রের খবর, চলতি বছরের বন্যায় এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার, পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম জোরকদমে চালিয়ে যাচ্ছে প্রশাসন। অসমের এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে রণদীপ হুডার এই মানবিক উদ্যোগ অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে উঠেছে।

