Bogtui
Bengal Liberty:
বারবার বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তোলাবাজি বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও, অভিযোগ জেলায় জেলায় এখনও অব্যাহত অবৈধ টাকা আদায়। এবার আসানসোলের জামুড়িয়ায় প্রকাশ্যে বালিবাহী ট্রাক থামিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ মাজি। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। জামুড়িয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আসানসোল জেলা আদালতে পেশ করলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

BJP Leader Arrested
ভাইরাল হওয়া ভিডিওটি জামুড়িয়া বিধানসভার মদনতোড় পঞ্চায়েত সংলগ্ন এলাকার বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি বালিবাহী ট্রাক থামিয়ে চালকের কাছ থেকে টাকা চাইছেন। মোবাইল ফোনে কথা বলতে বলতে তাঁকে বলতে শোনা যায়, “আগে ওভারলোড গাড়ি থেকে ৫০০ টাকা নেওয়া হত। এখন আন্ডারলোড গাড়ি যাচ্ছে, তাই ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।”
বালির ট্রাক থামিয়ে টাকা আদায়ের অভিযোগে জামুড়িয়ায় গ্রেফতার

সূত্রের খবর, অভিযুক্ত রাকেশ মাজি জামুড়িয়া মণ্ডল-১-এর বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বালিবাহী ট্রাক থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছিল।
BJP Leader Arrested
ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের দাবি, প্রকাশ্যে রাস্তার উপর এভাবে টাকা আদায় চললেও এতদিন কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে, সাধারণ মানুষের অভিযোগ, এই ধরনের তোলাবাজির ফলে পরিবহণ ব্যবসা ও সাধারণ ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে।
BJP Leader Arrested
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত প্রয়োজনীয় নথি ও অন্যান্য তথ্য সংগ্রহের কাজও চলছে।

এই ঘটনায় আসানসোলের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী আগ্নিমিত্রা পাল জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “এটাই আমাদের সরকারের তৎপরতার প্রমাণ। শুধু আসানসোল নয়, রাজ্যের যে কোনও প্রান্তে এই ধরনের তোলাবাজির অভিযোগ পেলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।” পাশাপাশি, কোথাও তোলাবাজি বা সিন্ডিকেটের অভিযোগ থাকলে নবান্নের দেওয়া টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ টুলু মণ্ডল মামলায় সক্রিয় ED! বীরভূম পুলিশকে চিঠি

