Bengal Liberty:
রাজ্যে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে ফের সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নিজের বাসভবন থেকে সরাসরি প্রথমে ওয়াটগঞ্জ থানা এবং পরে একবালপুর থানায় পৌঁছে যান তিনি। পূর্ব ঘোষণা ছাড়াই মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ঘিরে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।

Suvendu Adhikari
ওয়াটগঞ্জ থানায় পৌঁছে শুভেন্দু অধিকারী বিভিন্ন বিভাগের কাজকর্ম খতিয়ে দেখেন। থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তদন্তের অগ্রগতি এবং সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর থানার মহিলা সহায়তা ডেস্ক-এ গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে পরিষেবার মান, অভিযোগ গ্রহণের পদ্ধতি এবং মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার খোঁজ নেন। পাশাপাশি থানার রেজিস্টার, অভিযোগ নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari আইনশৃঙ্খলায় কড়া বার্তা শুভেন্দু অধিকারীর
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পুলিশ প্রশাসনের কর্মপদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে নতুন সরকার। দুর্নীতি, পাচার, তোলাবাজি এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সেই নীতির অংশ হিসেবেই রাজ্যের বিভিন্ন থানায় নিয়মিত আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Suvendu Adhikari খতিয়ে দেখলেন থানার রেজিস্টার
মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক এবং সাইবার ক্রাইম হেল্প ডেস্ক চালুর উদ্যোগ নিয়েছেন। অপরাধ সংক্রান্ত তথ্য গোপন না রেখে যথাযথভাবে এফআইআর নথিভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের পুনর্গঠন, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং পুলিশ কর্মীদের কর্মপরিবেশের উন্নয়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।
Suvendu Adhikari

উল্লেখ্য, গত সপ্তাহেই পুলিশ বিভাগের ‘বড়াখানা’ অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী পুলিশ কর্মীদের কল্যাণ, আবাসন, পরিকাঠামো এবং কর্মপরিবেশের উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, অতীতের নানা বিতর্কে ক্ষুণ্ন হওয়া পুলিশের ভাবমূর্তি পুনর্গঠন করে জনমুখী, নিরপেক্ষ ও পেশাদার পুলিশ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
Suvendu Adhikari
প্রশাসনিক মহলের মতে, বুধবারের এই আকস্মিক থানা পরিদর্শন সেই বার্তাকেই আরও জোরালো করেছে। সরকারের লক্ষ্য, প্রতিটি থানাকে আরও জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলা, যাতে দ্রুত অভিযোগের নিষ্পত্তি হয় এবং আইনের শাসন আরও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করা যায়।
আরও পড়ুনঃ ‘সেবাশ্রয়’ দুর্নীতিতে গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ তৃণমূল যুবনেতা, চাঞ্চল্য ডায়মন্ড হারবারে

