Malda school
Bengal Liberty: নির্বাচন মিটে গেলেও এখনও বহাল তবিয়তে রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর সেই জেরেই গত চার মাস ধরে সম্পূর্ণ বন্ধ একটি সরকারি স্কুল। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী স্কুল চত্বরে ক্যাম্প করে থাকায় চলতি অগস্ট মাসের প্রথম সপ্তাহে নির্ধারিত দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। চরম অনিশ্চয়তার মুখে পড়েছে সাড়ে আটশোরও বেশি পড়ুয়ার ভবিষ্যৎ। মালদহের ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলে এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে অভিভাবক ও শিক্ষক মহলে।
দীর্ঘ চার মাস ধরে বন্ধ পঠনপাঠন (Malda school)
জানা গিয়েছে, মালদহে বিধানসভা ভোটগ্রহণের আগে গত ১৪ এপ্রিল প্রথমবার কেন্দ্রীয় বাহিনী এসে ওঠে ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলে। ভোটপর্ব মিটে যাওয়ার পর গরমের ছুটির সময় কিছুদিনের জন্য বাহিনী স্কুল ছেড়ে চলে গেলেও গত ১ জুন স্কুল খোলে। কিন্তু এর ঠিক ১৩ দিন পর, অর্থাৎ ১৩ জুন, ফের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ওই স্কুলেই এনে রাখা হয়। সেই থেকে এখনও পর্যন্ত বাহিনী ওই স্কুল ভবনে অবস্থান করছে। ফলে দীর্ঘ চার মাস ধরে সম্পূর্ণ ভাবে বন্ধ পঠনপাঠন।

আটকে সেমিস্টার পরীক্ষা, দুশ্চিন্তায় অভিভাবকেরা (Malda school)
চলতি অগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যের অন্যান্য স্কুলে নিয়মমাফিক দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী স্কুলের দখল নেওয়ায় শান্তা দেব্যা হাইস্কুলে এই গুরুত্বপূর্ণ পরীক্ষাই নেওয়া যায়নি। স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানে বর্তমানে সাড়ে আটশোরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাঁদের পড়াশোনার দায়িত্বে রয়েছেন ১৭ জন শিক্ষক, ২ জন পার্শ্বশিক্ষক এবং ৩ জন অশিক্ষক কর্মচারী।
স্কুলের সিংহভাগ পড়ুয়াই গরিব ও মধ্যবিত্ত পরিবারের। স্কুল বন্ধ থাকায় তাঁদের পক্ষে বাইরে প্রাইভেট টিউশন বা বিকল্প উপায়ে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার জন্য সিলেবাস পর্যন্ত এগোয়নি। বিষয়টি নিয়ে তীব্র মানসিক উদ্বেগে ভুগছে পড়ুয়া ও তাঁদের অভিভাবকেরা।

প্রশাসনের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ, মিলেছে আশ্বাস (Malda school)
পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং জেলা শিক্ষা দফতরে লিখিত চিঠি পাঠিয়ে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী অবিলম্বে সরানোর আবেদন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক আক্ষেপ করে জানিয়েছেন, যেভাবে মাসের পর মাস পড়ুয়াদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে, তাতে আগামী দিনে সম্পূর্ণ সিলেবাস শেষ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।
এদিকে, গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মালদহের পুলিশ সুপার অনুপম সিং। তিনি সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে, খুব শীঘ্রই বিকল্প কোনও নিরাপদ জায়গা বা স্থায়ী বন্দোবস্ত করে এই স্কুল চত্বর থেকে কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। দ্রুত স্কুল স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন।
আরও পড়ুনঃ
Kunal Ghosh: ফুটপাথ উচ্ছেদ নিয়ে অগ্নিমিত্রাকে তোপ কুণাল ঘোষের

