Darjeeling Hills Political Solution
Bengal Liberty: দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শিলিগুড়িতে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠকে গোর্খা জনগোষ্ঠীর পরিচয়, অস্তিত্ব, রাজনৈতিক অধিকার এবং স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই গোর্খা জনগোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে স্থায়ী রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রূপরেখা প্রস্তুত করার জন্য প্রাক্তন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান ইন্টারলোকিউটর পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে জানান যে, এটি কেবল একটি সাধারণ বৈঠক নয়, বরং কয়েক দশকের রাজনৈতিক দাবিকে একটি পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ। তিনি সংগঠনের সমস্ত স্তরের নেতাকর্মীদের ঐক্য, সংযম এবং পরিণত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে এই প্রক্রিয়ায় গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনঃ
Bakery Industry Crisis: অস্তিত্ব সংকটে রাজ্যের বেকারি শিল্প; উদ্ধারে ৭ দফা দাবি সমন্বয় কমিটির

