Bengal Liberty:
রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু অসুস্থতার সময়ে সৌজন্য ও মানবিকতা যে রাজনীতির ঊর্ধ্বে, শনিবার সন্ধ্যায় সেই বার্তাই যেন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসুস্থ মীরা ভট্টাচার্যকে দেখতে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে পৌঁছলেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে মীরাদেবীর বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।

অসুস্থ্য বুদ্ধজায়া (Mira Bhattacharjee)
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য গত শুক্রবার পেটের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। সমস্যা বাড়ায় শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে পরিবারের তরফে বিষয়টিকে রুটিন চেকআপ বলা হলেও পরে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
হাসপাতালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডা. সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মীরা ভট্টাচার্য। চলছে বিভিন্ন ধরনের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডা. সেমন্তী চক্রবর্তী।

খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী(Mira Bhattacharjee)
শনিবার মীরা ভট্টাচার্যের চিকিৎসা এবং তাঁর বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার অগ্রগতির বিষয়েও চিকিৎসকদের কাছে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।
এই সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ, কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গিয়েছিল মীরা ভট্টাচার্যের মুখে। রাজ্যে শিল্পের প্রয়োজনীয়তা এবং বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়নের উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি শুভেন্দুর কাজ নিয়েও আশাবাদ প্রকাশ করেছিলেন।

Mira Bhattacharjee
তবে রাজনৈতিক সমীকরণের বাইরে শনিবারের এই সাক্ষাৎকে সৌজন্যের বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মতাদর্শের সংঘাত যতই থাকুক, অসুস্থতার সময়ে পাশে দাঁড়ানোই যে গণতান্ত্রিক রাজনীতির সুস্থ সংস্কৃতি—মীরা ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে গিয়ে সেই বার্তাই আরও এক বার সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ মেনে নেওয়া হবে না’! যাদবপুর নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

