Bengal Liberty:
গতকালই কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। ৭৬ বছর বয়সি মীরাদেবী গত দু’সপ্তাহ ধরে মাঝে মাঝে তীব্র পেটে ব্যথায় ভুগছিলেন। সেই সমস্যার জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার তাঁর বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের পর্যবেক্ষণ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করল হাসপাতাল কর্তৃপক্ষ।

Mira Bhattacharjee
হাসপাতালের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডা. সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মীরা ভট্টাচার্য। বর্তমানে তাঁর বিভিন্ন ধরনের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে মীরাদেবীর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছে।
হাসপাতালের বিবৃতি(Mira Bhattacharjee)
মীরা ভট্টাচার্যের চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিক্যাল বোর্ডে রয়েছেন কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডা. সেমন্তী চক্রবর্তী। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত এই বোর্ডই মীরাদেবীর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করছে।

হাসপাতাল সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মীরাদেবীকে বর্তমানে চিকিৎসকদের ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে মীরা ভট্টাচার্য (Mira Bhattacharjee)
এর আগে দলীয় সূত্রে মীরা ভট্টাচার্যের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টিকে রুটিন চেকআপ বলা হয়েছিল। তবে হাসপাতালের বিজ্ঞপ্তিতে গত দু’সপ্তাহ ধরে তীব্র পেটে ব্যথার কথা উল্লেখ করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন মীরা ভট্টাচার্য।

আরও পড়ুনঃ পাহাড়ের সমস্যা সমাধানে ‘শাহী নকশা’! গোর্খারা আরও বড় কিছু পাবেন?

