Bengal Liberty:
বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে এ বার সরাসরি হুমায়ুন কবিরকে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বিস্ফোরক অভিযোগ, বাবরি মসজিদ তৈরির উদ্যোগ আসলে মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল। শুধু তা-ই নয়, এই প্রকল্পের নামে কোটি কোটি টাকা চাঁদা তোলা হলেও সেই টাকা কোথায় গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ভোটের রাজনীতি ( Adhir Ranjan Chowdhury)
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে নিজের দল আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছিলেন হুমায়ুন কবির। বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগও নিয়েছিলেন তিনি। সংখ্যালঘু ভোটের রাজনীতিতে এই উদ্যোগকে ঘিরে সেই সময় থেকেই জোর চর্চা শুরু হয়েছিল। নির্বাচনে তাঁর দলও মুর্শিদাবাদের দু’টি বিধানসভা আসনে জয় পেয়েছে। কিন্তু তার পর বেলডাঙার মানুষের কাছে অধরাই রয়ে গিয়েছে বাবরি মসজিদের স্বপ্ন।
ভোট মিটে যাওয়ার পর বাবরি মসজিদ নির্মাণের বর্তমান পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, যে জায়গায় মসজিদ তৈরির কথা বলা হয়েছিল, সেখানে এখন কার্যত ঘাস গজিয়ে রয়েছে। নির্মাণকাজও থমকে রয়েছে এবং আগের মতো মানুষের ভিড়ও দেখা যায় না বলে কটাক্ষ করেন তিনি।

কোথায় বাবরি মসজিদ ( Adhir Ranjan Chowdhury)
অধীরের প্রশ্ন, “বাবরি মসজিদ তৈরি হতে এত দেরি হচ্ছে কেন? বাবরি মসজিদ তৈরি না হওয়ার পিছনের কারণটা হুমায়ুন সাহেব সবাইকে জানান।” তাঁর আরও অভিযোগ, মসজিদের নামে যে কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়েছিল, সেই টাকার হিসাবও প্রকাশ্যে আসা উচিত।
কংগ্রেস নেতার আরও দাবি, “বাবরি মসজিদটা আসলে ছিল মুসলমান ভোট ভেঙে বিজেপিকে জেতানোর ফন্দি। এর পিছনে কোটি কোটি টাকার গল্প আছে। এগুলো সব আসলে বিজেপিরই মদতে বানানো পার্টি।”
অধীরের নিশানা ( Adhir Ranjan Chowdhury)
মুর্শিদাবাদ ও বেলডাঙার রাজনীতিতে সংখ্যালঘু ভোট বরাবরই গুরুত্বপূর্ণ। সেই ভোটকে সামনে রেখে হুমায়ুনের নতুন রাজনৈতিক দল এবং বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছে, তা নিয়েও নতুন করে রাজনৈতিক প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।
অধীরের দাবি, বিজেপির এজেন্ডা থেকেই ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করেছে আম জনতা উন্নয়ন পার্টি। তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ শিশুর দুধ গরম করায় মায়ের হেনস্থা: মন্ত্রীর আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ মহিলা সমিতির

