Agnimitra Paul
Bengal Liberty
পার্ক স্ট্রিটের ফুটপাথে স্টোভ(Agnimitra Paul)জ্বালিয়ে দুধ গরম করা নিয়ে তৈরি হওয়া বিতর্কে এ বার নিজের অবস্থান স্পষ্ট করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে এক মহিলাকে দুধ গরম করা নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। বিরোধীদের একাংশ মন্ত্রীর আচরণকে ‘অমানবিক’ বলে আক্রমণ করে। এ বার সেই সমালোচনার জবাবেই নিজের বক্তব্য তুলে ধরলেন অগ্নিমিত্রা।

ফুটপাত হাঁটার জায়গা(Agnimitra Paul)
মন্ত্রী স্পষ্ট করে বলেন, “বাচ্চার দুধ ফুটলেও বলব, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম।” তাঁর বক্তব্য, ফুটপাত পথচারীদের জন্য। সেখানে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করা শুধু ওই ব্যক্তির নয়, পথ দিয়ে যাতায়াত করা অন্য মানুষদেরও বিপদের মুখে ফেলতে পারে। বিশেষ করে ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।
নিজের অবস্থানে স্থির পুরমন্ত্রী(Agnimitra Paul)
ফুটপাত দখলমুক্ত করা, বেআইনি পার্কিং বন্ধ করা এবং পথচারীদের জন্য রাস্তা নিরাপদ করার লক্ষ্যেই অভিযান চলছে বলে দাবি মন্ত্রীর। তাঁর কথায়, “আপনি তো অধিকার পাননি যে ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন, স্টোভ জ্বালাবেন।” ফুটপাত দখল করে রাখার কারণে স্কুল থেকে ফেরা মা-বাচ্চা-সহ সাধারণ পথচারীদের সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিয়ে অগ্নিমিত্রার অভিযোগ, দীর্ঘদিনের তোলাবাজি ও রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই কলকাতার ফুটপাত-সহ শহরের পরিকাঠামোর এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, বর্তমান সরকার কলকাতাকে আরও পরিষ্কার, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সাজানোর চেষ্টা করছে। কিন্তু সেই উদ্যোগে বাধা দিচ্ছে তৃণমূল ও সিপিএম।
কলকাতাকে স্ট্রিমলাইন করার উদ্যোগ(Agnimitra Paul)
অগ্নিমিত্রার বক্তব্য, “ভালো কাজ করতে গেলে অনেক বাধা, সেই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম।” তাঁর দাবি, বেআইনি পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে পদক্ষেপ করলেই রাজনৈতিক বিরোধিতা শুরু হচ্ছে। শহরকে ‘স্ট্রিমলাইন’ করার এই উদ্যোগকে বিরোধীরা সস্তা রাজনীতির হাতিয়ার করছে বলেও কটাক্ষ করেন তিনি। দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এ বার কার্যত ফুটপাত দখল, বেআইনি পার্কিং এবং কলকাতা শহরের সৌন্দর্যায়ন ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বৃহত্তর রাজনৈতিক তরজায় পরিণত হয়েছে।


