Australia Vs Bangladesh
Bengal Liberty
বাংলাদেশকে ২১০ রানে ও এক ইনিংসে হারিয়ে(Australia Vs Bangladesh) কিছুটা মানসম্মান রক্ষা হল অস্ট্রেলিয়ার। তবে মানসম্মান রক্ষা পেল, নাকি ক্রিকেটমহলে নতুন বিতর্কের শুরু হল, সেই বিষয়কে কেন্দ্র করে চলছে বিস্তর আলোচনা। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার লজ্জাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে ১৮৮৬ সালের পর প্রথমবার হোয়াইটওয়াশের মুখে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া।

জোরালো প্রশ্নের মুখে টেস্ট ম্যাচ(Australia Vs Bangladesh)
আর সেই কারণেই কি এমন একটি পিচ দেওয়া হল, যাতে অস্ট্রেলিয়া একবার ব্যাটিং করলেই ম্যাচ জিতে নেওয়া যাবে? কারণ, এই ধরনের পুরোপুরি বোলিং-সহায়ক উইকেটে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের খেলোয়াড়দের একেবারেই নেই। তাই কি এই ধরনের পিচ দেওয়া হল? প্রথম টেস্টে ভালো উইকেটে বাংলাদেশ খুব সহজেই অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে নাকানিচোবানি খাওয়ানোর পর দ্বিতীয় টেস্টে কিন্তু সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়ল। সেই কারণেই দেড় দিনের মাথায় শেষ হয়ে গেল দ্বিতীয় টেস্ট। এর পাশাপাশি, এমন উইকেটে বাংলাদেশের সামনে খেলতে দিয়ে কাপুরুষতার চরম উদাহরণ অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের সামনে তুলে ধরল না?

২১০ রানেই শেষ অস্ট্রেলিয়া(Australia Vs Bangladesh)
১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে ছিল অস্ট্রেলিয়া। তার পর ক্যামেরন গ্রিনের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপের সুবাদে কোনও রকমে ২০০ রানের গণ্ডি পেরোতে পেরেছিলেন স্টিভ স্মিথরা।অবশেষে ২১০ রানেই অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ স্কোরার ক্যামেরন গ্রিনের ৬৭ রান। সাত উইকেট নিয়ে অসাধারণ বোলিং করলেন শরিফুল ইসলাম। তবে এই পিচে পেস বোলাররা সফল হবেন, তা নতুন করে বলার দরকার নেই। ক্রিকেট কেউ প্রথমবার দেখলেও এই সামান্য বিষয়টি বুঝতে কারও অসুবিধা হবে না।
আবারও ধরাশায়ী বাংলাদেশ(Australia Vs Bangladesh)
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ব্যাকফুটে বাংলাদেশ। যেন প্রথম ইনিংসের খেলার হাইলাইটস কেউ চালিয়ে দিয়েছে। এমন পিচে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের একেবারেই নেই, তা আবারও প্রমাণ হয়ে গেল। শুধুমাত্র নাজমুল শান্তর ৩১ এবং অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ২৯ রান—এইটুকুই লড়াই চোখে পড়েছে। আবারও গোটা বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছে। ৯৫ রানেই শেষ টাইগাররা। ২১০ রানে এবং এক ইনিংসে অস্ট্রেলিয়া জয় পেল। সিরিজ হারের থেকে বাঁচলেও প্রশ্নের মুখ থেকে বাঁচতে পারবে ক্রিকেট অস্ট্রেলিয়া?
কলঙ্কিত জয়(Australia Vs Bangladesh)
দেড় দিনে টেস্ট ম্যাচ শেষ। ৩০টি উইকেটের পতন, মাত্র ৩৬৯ রান। ২৩ জন ব্যাটার সিঙ্গল ডিজিটে আউট হয়েছেন। টেস্ট ক্রিকেটের জন্য কি এই বিজ্ঞাপন সঠিক? যেখানে আস্তে আস্তে টেস্ট ক্রিকেট নিজের জনপ্রিয়তা হারাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিতর্কিত টেস্ট ম্যাচের কি কোনও শাস্তি হবে না? যখন ভারতের মাটিতে স্পিন-সহায়ক উইকেট বানানো হয়, তখন ক্রিকেটের রক্ষাকর্তারা চলে আসেন টেস্ট ক্রিকেটকে বাঁচাতে। কিন্তু এই বেলা কাউকেই দেখা যাচ্ছে না। কলঙ্কিত জয়ের সঙ্গেই সিরিজ হারের হাত থেকে বেঁচে গেলেও সমালোচনা ও বিতর্ক থেকে বাঁচতে পারবে অস্ট্রেলিয়া? সেই দিকেই নজর সবার।


