Bhuleshwar Cha Raja
Bengal Liberty: গণেশ চতুর্থী উপলক্ষে আনন্দ ও উল্লাসের মধ্যেই বাণিজ্যনগরী মুম্বইয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ২২ ফুটেরও বেশি উঁচু ‘ভুলেশ্বরচা রাজা’ (Bhuleshwarcha Raja) প্রতিমার আগমনী শোভাযাত্রার সময় তা উল্টে পড়ে ঘটনাস্থলেই দুই ভক্তের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা (Bhuleshwar Cha Raja)
শনিবার রাতে মুম্বইয়ের ভুলেশ্বরের ড. আত্মারাম মার্চেন্ট রোডে কবুতরখানায় জয় অম্বে চকে এই দুর্ঘটনা ঘটে। লালবাগ থেকে ‘ভুলেশ্বরচা রাজা’ মণ্ডলের ২২ ফুটেরও বেশি উঁচু বিশাল প্রতিমাটি শোভাযাত্রা করে প্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, প্যান্ডেলের অত্যন্ত কাছাকাছি পৌঁছে যাওয়ার পরই হঠাৎ ভারসাম্য হারিয়ে প্রতিমাটি ট্রলার ওপর থেকে নিচে আছড়ে পড়ে এবং তিন টুকরো হয়ে যায়।
নিহত ও আহতদের পরিচয় (Bhuleshwar Cha Raja)
বিশাল এই প্রতিমার নিচে চাপা পড়ে মোট ৭ জন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সংকেত নেভসে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত জোশী (৩০)-কে মৃত বলে ঘোষণা করেন। নিহত সংকেত নেভসে নিজেই ‘ভুলেশ্বরচা রাজা’ গণপতি মণ্ডলের সভাপতি ছিলেন। আহত অন্য ৫ জন বর্তমানে জিটি হাসপাতাল, জেজে হাসপাতাল, এইচএন রিলায়েন্স ও সাইফি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্ত ও কারণ (Bhuleshwar Cha Raja)
দমকল বিভাগ ও পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, প্রতিমাটিকে বহন করার জন্য বা ধরে রাখার যে লোহার ফ্রেম বা ট্রলি ব্যবহার করা হয়েছিল, তার ওয়েল্ডিং হয়তো ঠিকমতো করা হয়নি। ফ্রেমের মাঝখান থেকেই ভারী প্রতিমাটি পিছলে নিচে ভেঙে পড়ে। আকস্মিক এই ঘটনায় মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ তীব্র আতঙ্ক ও কান্নায় বদলে যায়।

প্রশাসনের পদক্ষেপ (Bhuleshwar Cha Raja)
দুর্ঘটনার পর সদস্যরা ভেঙে যাওয়া প্রতিমাটি একটি ডাম্পারে তুলে বিসর্জনের জন্য নিয়ে যান। পুলিশ এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত শুরু করেছে। চলতি বছর এই মণ্ডলের ৬৩তম পুজো উদযাপিত হচ্ছিল।

