CM Suvendu Adhikari
Bengal Liberty:
গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যে শিল্প ও প্রতিরক্ষা পরিকাঠামো সম্প্রসারণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। ৩,৪০০ কোটি টাকা বিনিয়োগে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাসের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, আগামী দিনে বাংলায় বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে। সেই সঙ্গে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে এগিয়ে যাবে বলেও বার্তা দেন তিনি।

মুখ্যমন্ত্রীর বার্তা (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর কথায়, “যুদ্ধজাহাজ তৈরির পরিকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গার্ডেনরিচের। তা আরও বাড়বে। আজ গর্বের দিন। ৩,৪০০ কোটি টাকা বিনিয়োগে পাঁচটি নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এরপর ৩,৪০০ কোটি কেন, আরও অনেক বেশি অঙ্কের বিনিয়োগ হবে এ রাজ্যে। পশ্চিমবঙ্গ এখন বিনিয়োগের স্বর্গরাজ্য।”
আগের সরকারের কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের অভাবের কারণেই বাংলার শিল্পক্ষেত্র পিছিয়ে পড়েছিল বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় দফতরের সঙ্গে একসঙ্গে কাজ করার মানসিকতা না থাকায় বড় শিল্পপতিরাও একসময় পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

তবে বর্তমান সরকারের লক্ষ্য সম্পূর্ণ আলাদা বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর মতে, শিল্পের সম্প্রসারণ এবং নতুন শিল্পাঞ্চল তৈরি এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মাত্র ১০০ দিনের সরকারের মেয়াদেই রাজ্যের একাধিক জায়গায় শিল্প প্রকল্প, শিল্প হাব এবং কারখানা তৈরির শিলান্যাস হয়েছে বলেও জানান তিনি।
ডবল ইঞ্জিনে দ্রুত উন্নয়ন (CM Suvendu Adhikari)
কেন্দ্র-রাজ্য সমন্বয়ের উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে শিল্প সম্প্রসারণের উদ্যোগ আরও বাড়ানো হবে। বাংলায় শিল্পের জন্য প্রয়োজনীয় জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো, কাঁচামাল এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হলে আরও বেশি শিল্পপতি রাজ্যে বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শিল্পের পাশাপাশি কর্মসংস্থান তৈরিকেও সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, নতুন শিল্প ও পরিকাঠামো তৈরি হলে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে।
প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার অবদান (CM Suvendu Adhikari)
গার্ডেনরিচের প্রকল্পের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রেও বাংলার অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই শিপবিল্ডিং পরিকাঠামো থেকে একাধিক যুদ্ধজাহাজ এবং সামরিক কাজে ব্যবহৃত জাহাজ তৈরি হবে। ফলে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার অবদান আরও দৃশ্যমান হবে।
একদিকে ৩,৪০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, অন্যদিকে শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির বার্তা—গার্ডেনরিচের মঞ্চ থেকেই বাংলার শিল্পনীতির বদলের ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘বাংলায় এখন শুধুই বিনিয়োগের খবর’, গার্ডেনরিচের মঞ্চ থেকে বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

