Fire Dept Scam
Bengal Liberty: নিউ মার্কেটের ‘শিখা-ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ফায়ার সেফটি ও লাইসেন্স দুর্নীতির অভিযোগে এখন বিশেষ তদন্তকারী দল (SIT)-এর আতশকাচে দমকল ও পুরসভার অফিসাররা। অভিযোগ, নগদ দেড় থেকে দু’লাখ টাকার বিনিময়ে তিন বছরের ‘ফায়ার সেফটি’ সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং ‘ফায়ার লাইসেন্স’ পেতে আরও ৫০ হাজার টাকা বা তার বেশি নেওয়া হয়েছে। মার্কুইজ স্ট্রিটের ঘিঞ্জি এলাকায় একাধিক হোটেল চালু করতে দমকলের প্রাক্তন স্টেশন অফিসারদের বিরুদ্ধে লাখ টাকার ‘প্যাকেজ’ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

এই দুর্নীতির জেরে গত ১০ থেকে ১২ বছরে দমকলের সদর দফতরে ‘ফায়ার সেফটি’ ও ‘ফায়ার লাইসেন্স’ দেওয়ার দায়িত্বে থাকা আধিকারিকদের ওপর কড়া নজর রাখছে সিট এবং বিশেষজ্ঞ দল। অগ্নিনিরাপত্তার ব্যবস্থা না থাকায় নিউ মার্কেট জোনেই আগামী দিনে অন্তত ৬০ থেকে ৭০টি বেআইনি হোটেল সিল বা বন্ধ করে দেওয়া হতে পারে বলে খবর।

তদন্তে উঠে এসেছে যে, ২০০৩ সালে বামফ্রন্ট সরকারের আমলে কর্মীর ঘাটতির কারণে এই সার্টিফিকেট দেওয়ার কাজে বেসরকারি সংস্থাকে যুক্ত করার সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। পরবর্তীকালে অনলাইনে আবেদন এবং ‘সেলফ ডিক্লারেশন’-এর সুযোগ নিয়ে কিছু অসাধু আধিকারিক যথাযথ পরিদর্শন ছাড়াই সার্টিফিকেট দিতে শুরু করেন। এই ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে, হোটেল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি অনিয়মের অনুমতি দেওয়া অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কবে কড়া পদক্ষেপ করা হবে।

