Hardeep Singh Nijjar
Bengal Liberty
কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের(Hardeep Singh Nijjar) হত্যাকাণ্ডে এ বার চাঞ্চল্যকর মোড়। নিজ্জরকে হত্যার দায় স্বীকার করলেন কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি কথিত অডিও ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। সেই অডিওতে গোল্ডি ব্রারকে দাবি করতে শোনা যাচ্ছে, নিজ্জরকে তাঁর দলই হত্যা করেছে। যদিও ভাইরাল ওই অডিওর সত্যতা এখনও স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

ফাঁস অডিওতে কী বললেন গোল্ডি ব্রার(Hardeep Singh Nijjar)
জানা গিয়েছে, খলিস্তানি নেতা পরমজিৎ সিং পাম্মার সঙ্গে কথোপকথনের সময় গোল্ডি ব্রার এই দাবি করেছেন বলে জানা যাচ্ছে। কথিত অডিওতে তিনি অভিযোগ করেন, ১৬ থেকে ১৭ বছর বয়সিদের মাদক বিক্রির কাজে প্ররোচিত করা হত এবং তরুণদের ব্ল্যাকমেল করে সেই কাজে বাধ্য করা হত।

গোল্ডি ব্রারের দাবি, হরদীপ সিং নিজ্জর এমন ব্যক্তিদের সমর্থন ও শক্তিশালী করতেন, যাতে প্রয়োজনে তাঁদের ব্যবহার করা যায়। এর পরই কথিত অডিওতে গোল্ডি ব্রার দাবি করেন, এই কারণেই তিনি এবং তাঁর দল নিজ্জরকে হত্যা করেছেন। তাঁর দাবি, নিজেদের কাজের ফল সকলকেই ভোগ করতে হয়। তবে এই অডিও ক্লিপটি আসল কি না, কিংবা সত্যিই সেটি গোল্ডি ব্রারের কণ্ঠ কি না, তা এখনও কোনও স্বাধীন তদন্তে নিশ্চিত করা হয়নি। ফলে এই মুহূর্তে বিষয়টি একটি কথিত স্বীকারোক্তি হিসেবেই সামনে এসেছে।
২০২৩ সালে কানাডায় খুন হন নিজ্জর(Hardeep Singh Nijjar)
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের বাইরে হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের পরই ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারতীয় যোগ থাকার অভিযোগ তুলেছিলেন। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ ভাবে খারিজ করে দিয়েছিল ভারত। নয়াদিল্লির তরফে ওই অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করা হয়েছিল।
ভারত-কানাডা সম্পর্কে বড় প্রভাব(Hardeep Singh Nijjar)
নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এতটাই তলানিতে পৌঁছেছিল যে কূটনৈতিক স্তরেও তার বড় প্রভাব পড়েছিল। ভারতীয় কূটনীতিকদের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে কানাডার তদন্তকারীদের তরফে ভারতীয় যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে।

আর ঠিক এই আবহেই গোল্ডি ব্রারের কথিত স্বীকারোক্তির অডিও সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের নেপথ্যে আসল সত্যটা কী?এক দিকে বহু দিন ধরে ভারত-কানাডা সম্পর্কের টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে ছিল এই হত্যাকাণ্ড। অন্য দিকে, এ বার গোল্ডি ব্রারের কথিত স্বীকারোক্তি গোটা ঘটনাকে নতুন মাত্রা দিল। এখন দেখার বিষয়, ভাইরাল অডিওটি নিয়ে তদন্তকারী সংস্থা কিংবা কানাডা সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসে কি না। নিঃসন্দেহে বলা যায়, হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে এই নতুন দাবি আগামী দিনে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে।


