Meera Bhattacharya
Bengal Liberty
সমাজমাধ্যমে মীরা ভট্টাচার্যের(Meera Bhattacharya) শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়ানোর মধ্যেই স্বস্তির খবর দিল পরিবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার আগের তুলনায় বেশ কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য।

শারীরিক অবস্থা স্থিতিশীল(Meera Bhattacharya)
সুচেতন জানিয়েছেন, “ক্রমশ অবস্থার উন্নতি হচ্ছে মায়ের। আগের থেকে বেশ কিছুটা সুস্থ হয়েছেন। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ছুটি দিয়ে দেবেন।” পাশাপাশি, সমাজমাধ্যমে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে যে ভুয়ো খবর ও অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে।
পেটের সমস্যায় ভর্তি(Meera Bhattacharya)
গত শুক্রবার তীব্র পেটের যন্ত্রণা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, বেশ কয়েক দিন ধরেই তিনি পেটের যন্ত্রণায় ভুগছিলেন। শুক্রবার সেই যন্ত্রণা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর একাধিক পরীক্ষা করা হয়েছে। পেটের সমস্যার কারণ নিশ্চিত করতে আরও কিছু পরীক্ষা এবং প্রয়োজনে কোলোনোস্কোপি করার কথাও জানানো হয়েছিল।

হুঁশিয়ারি দিলেন সুচেতন(Meera Bhattacharya)
এর মধ্যেই শনিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি মীরা ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
পরিবারের বক্তব্য(Meera Bhattacharya)
এ বার পরিবারের তরফে জানানো হল, আপাতত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি সন্তোষজনক থাকলে এক-দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। মঙ্গলবার মীরা ভট্টাচার্যকে ডিসচার্জের পরিকল্পনা।

