Bengal Liberty:
পুরনো একটি মামলায় কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ‘বোরখা পরে ডিম ছুড়ুন’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছিল। আগামী ২৮ আগস্টের মধ্যে তাঁকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টে দ্বারস্থ(Mohua Moitra)
কৃষ্ণনগর আদালতের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন মহুয়া। হাইকোর্টে তাঁর আইনজীবী বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটির জরুরি শুনানির আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। সোমবার মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত একটি পুরনো মামলাকে ঘিরে। ওই মামলায় মহুয়া মৈত্রের কৃষ্ণনগর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই খবর পেয়ে কয়েক জন মহিলা হাতে ডিম নিয়ে আদালত চত্বরে উপস্থিত হয়েছিলেন। তবে নির্ধারিত দিনে আদালতে হাজির হননি মহুয়া। পরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা দিয়ে ওই মহিলাদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তিনি। পাশাপাশি, ভবিষ্যতে বোরখা পরে আসার পরামর্শও দেন।
হাজিরা না দেওয়ায় বিপত্তি(Mohua Moitra)
মহুয়ার সেই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও হাজিরা না দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এ বার সেই পরোয়ানার বৈধতা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর আইনজীবীর জরুরি শুনানির আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ। ফলে আগামী শুনানিতে নিম্ন আদালতের নির্দেশের উপর হাইকোর্ট কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ ওয়াক্ফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস! টালিগঞ্জে বুলডোজার রাজ ও তুলকালাম কাণ্ড

